Durga Puja Traffic Security
Durga Puja Traffic Security

মহাষষ্ঠীতেই কলকাতায় ৬৫ জন গ্রেফতার, পুজোর ভিড় সামলাতে মেট্রোয় কড়া নিরাপত্তা

পুজোর দিনগুলিতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় কলকাতা পুলিশ। মহাষষ্ঠীতেই ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পাশাপাশি, উদ্ধার হয়েছে ২.৪ লিটার বেআইনি মদ। পুজোর রাতে যাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কিংবা বেপরোয়া যান চলাচলের কারণে কোনও দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় মোট ৪৯৫টি মামলা দায়ের করা হয়েছে। বাইকে তিনজন করে সওয়ার হওয়ার ঘটনায় ১৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে আরও ৯৫টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি, ৮৫টি যানবাহন বাজেয়াপ্ত করা হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মামলা হয়েছে ৬১টি।

দুর্গাপুজোর সময় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহণ মেট্রোয় যাত্রীসংখ্যা বাড়ে। সেই ভিড় সামাল দিতে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দশমী পর্যন্ত বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা মেট্রো। একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে অতিরিক্ত আরপিএফ কর্মী ও অন্যান্য নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলা ও যাত্রীদের দ্রুত সাহায্য করার জন্য মহিলা আরপিএফ কর্মী-সহ কুইক রেসপন্স টিম এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম মোতায়েন করা হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তার জন্য ট্রেন ও স্টেশনগুলিতে বিশেষ মহিলা আরপিএফ দলও থাকবে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।