Bengal Liberty : ফের হামলার নিশানায় সৌদি আরবের বিমানবন্দর। বুধবার রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। মৃতদের মধ্যে রয়েছেন এক ভারতীয় নাগরিক। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাঁদের মধ্যে রয়েছেন ২ জন ভারতীয় নাগরিকও। ঘটনায় নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ।
মৃতদের মধ্যে ভারতীয় নাগরিক
বৃহস্পতিবার সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হামলায় নিহত ২ জনের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আরও ২ জন ভারতীয়। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে দূতাবাস। আহতদের দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে ভারতীয় দূতাবাস।
আহত একাধিক, ব্যাহত বিমান পরিষেবা
সৌদি আরবের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই ঘটনায় মোট ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সৌদি নাগরিক ছাড়াও ভারত, ইয়েমেন, বাংলাদেশ ও নেপালের নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে। হামলার জেরে বিমানবন্দরের পরিকাঠামোর ক্ষতি হয়েছে এবং কিছু বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। পরে বিমানবন্দরের পরিষেবা পুনরায় চালু হয়েছে বলে খবর।
আরও খবর
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও বিমানবন্দরকে নিশানা করে হামলার ঘটনা সামনে এসেছে। এর আগে রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও ভয়াবহ হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই হামলার দায় স্বীকার করেছিল ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা।
তবে দাম্মামের বিমানবন্দরে বুধবারের হামলার ঘটনায় এখনও পর্যন্ত হাউথিদের দায় স্বীকারের নিশ্চিত খবর নেই। ফলে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত ও পরিস্থিতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট মহলের।


