Bengal Liberty : কেউ ভারতীয় নাগরিক নাকি বিদেশি, তা ড্রাইভিং লাইসেন্স থেকে বোঝায় ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। সেই কারণে ড্রাইভিং লাইসেন্সে ভারতীয় নাগরিক নাকি বিদেশি সেই বিষয়টি উল্লেখ থাকবে। সেই সঙ্গে কোনটা ভারতীয়ের আর কোনটা ভারতীয়ের নয়, সেই বিষয়টি বোঝার জন্য ড্রাইভিং লাইসেন্সে রং ব্যবহার করার কথাও ভাবা হচ্ছে।
সম্প্রতি এই নিয়ে একটি খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। সেই খসড়া অনুযায়ী অনলাইনে সেভ ড্রাইভিং টিউটোরিয়াল অ্যাসেসমেন্টের পাস নম্বর ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ঠিকানা পরিবর্তন, নাম ও মোবাইল নম্বর পরিবর্তনের জন্য আলাদা একটি ফি নেওয়ার কথাও চিন্তাভাবনা করছে কেন্দ্র।
খসড়ায় বলা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স পেতে হলে বাসস্থানের প্রমাণ হিসাবে আধার কার্ড, ভোটার আই কার্ড, ই রেশন কার্ড, গ্যাসের বা বিদ্যুতের বিলের মধ্যে যেকোনও একটি দেখাতে হবে। বয়সের প্রমাণ হিসাবে পাসপোর্ট, মাধ্যমিকের মার্কশিট, জন্ম শংসাপত্রের যেকোনও একটি দেখানোর কথা বলা হয়েছে। পরিচয়পত্রের প্রমাণ হিসাবে প্যান কার্ড, ই রেশন কার্ড, আধার কার্ড ও পাসপোর্টের যেকোনও একটি দেখানোর কথা খসড়ায় বলা হয়েছে। এরফলে নির্ভুল ড্রাইভিং লাইসেন্স বার করা সম্ভব বলেই মনে করা হচ্ছে।


