Bengal Liberty : দেশের শেয়ার বাজারে নয়া নজির গড়ার পথে মুকেশ আম্বানির জিও প্ল্যাটফর্মস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এসেছে জিও-র বহু চর্চিত আইপিও (IPO)। আর বাজারে পা রাখতেই বিনিয়োগকারীদের মধ্যে কার্যত সাড়া ফেলে দিয়েছে এই টেলিকম ও ডিজিটাল পরিষেবা সংস্থা। ভারতের বৃহত্তম আইপিও হিসাবে আত্মপ্রকাশ করা এই ইস্যু ঘিরে এখন নজর গোটা শেয়ার বাজারের।
২১ অক্টোবর থেকে শুরু হয়েছে জিও প্ল্যাটফর্মসের আইপিও-তে সাবস্ক্রিপশন। ২২ অক্টোবর, অর্থাৎ দ্বিতীয় দিনেই এই ইস্যুতে চাহিদা পৌঁছে গিয়েছে অফারের পাঁচ গুণেরও বেশি। ফলে দেশের শেয়ার বাজারে নতুন ইতিহাস গড়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
কত টাকায় মিলছে জিও-র শেয়ার
জিও প্ল্যাটফর্মসের আইপিও-র প্রাইস ব্যান্ড ধার্য করা হয়েছে প্রতি শেয়ার ১,০৬৫ টাকা থেকে ১,১১৯ টাকা। এই পাবলিক ইস্যুর মাধ্যমে সংস্থাটি প্রায় ৩০,২১৩ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা রেখেছে। ইস্যুতে থাকছে ২৭ কোটি নতুন ইক্যুইটি শেয়ার। ২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই আইপিও-তে আবেদনের প্রক্রিয়া।
আরও খবর
আইপিও-তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বিশেষভাবে নজর কেড়েছে। দ্বিতীয় দিনের দরপত্রের সময় পাওয়া তথ্য অনুযায়ী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশে চাহিদা বরাদ্দের প্রায় ১২ গুণে পৌঁছেছে। পাশাপাশি খুচরো বিনিয়োগকারীদের অংশেও বরাদ্দের তুলনায় বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সংস্থা রয়টার্স।
২০১৬ সালে টেলিকম বাজারে আত্মপ্রকাশের পর থেকে এক দশকের যাত্রায় দেশের ডিজিটাল পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে জিও। এবার শেয়ার বাজারে প্রবেশের মাধ্যমে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে সংস্থা। ফলে বিনিয়োগকারীদের কাছে এই আইপিও যেমন বড় আকর্ষণ, তেমনই সংস্থার ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও আর্থিক বৃদ্ধির দিকেও থাকবে নজর।


