Bengal Liberty : বিদেশি সংগঠনের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধির যোগ নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। কংগ্রেস নেতার সঙ্গে প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল, ইন্ডিয়ান অ্যালায়েন্স প্যারিসের মতো সংগঠনের যোগ রয়েছে বলে অভিযোগ বিজেপি মুখপাত্রের। কংগ্রেসের সঙ্গে এদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা। এদিন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধিকে বারবার ‘রাহুল গদ্দার’ বলে দাবি করেছেন গৌরব। তাঁর দাবি, কংগ্রেস নেতৃত্ব যেভাবে ওই সংগঠনগুলির সঙ্গে বৈঠক করছেন, তাতে ওই সংগঠনগুলির কার্যকলাপ, টাকার জোগান ও ভারতের আন্দোলনের সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন উঠছে।
একটি সংবাদসংস্থার রিপোর্টে সম্প্রতি ১০১টি সংগঠনকে চিহ্নিত করা হয়েছে। এই সংগঠনগুলো ৯টি দেশে বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি ও আন্দোলনে উস্কানি দেওয়ার চেষ্টা করছে এই সংগঠনগুলি। সেই রিপোর্টের সঙ্গে রাহুল গান্ধির জড়িত থাকার অভিযোগ তোলেন তিনি। গৌরব ভাটিয়া বলেন, ফ্রান্সের এই সংগঠনই প্রথম রাহুল গান্ধীর আটক হওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এছাড়াও আরও একটি সংগঠনের কথাও উল্লেখ করেন গৌরব ভাটিয়া। এদিন তিনি একটি বৈঠকের পোস্ট তুলে ধরেন। সেখানকার আলোচনা নিয়ে কংগ্রেসের কাছ থেকে জানতে চেয়েছে বিজেপি ।


