D. K. Shivakumar
D. K. Shivakumar

আমার উপরেই স্টিং অপারেশনের চেষ্টা হয়েছিল, শিবকুমার

Bengal Liberty : ভারতীয় জনতা পার্টি বা তার এনডিএ জোটের মুখ্যমন্ত্রীদের ওপর নয়, বরং কংগ্রেস নেতা হিসেবে তাঁর এবং কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের ওপরই স্টিং অপারেশন চালানোর চেষ্টা করা হয়েছিল। শুক্রবার এমনই অভিযোগ করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। একটি কন্নড় সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে করা এই দাবি কর্নাটকের স্টিং অপারেশন সংক্রান্ত রাজনৈতিক ঝড়ে নতুন মোড় এনেছে। ডিকে শিবকুমার দাবি করেছেন যে, তাঁর সঙ্গে দেখা করতে আসা এক শিল্পপতি মেটা স্মার্ট গ্লাস পরেছিলেন, যা তাঁর সন্দেহ জাগিয়ে তোলে। এর ফলে তিনি ওই আগন্তুকের গতিবিধি এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁর বৈঠক সম্পর্কে তথ্য জানতে চান। কন্নড় সম্প্রচারকারী সংস্থা এশিয়ানেট সুবর্ণা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কর্ণাটকের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, এই ঘটনাটি তাঁকে এবং অন্যান্য কংগ্রেস নেতাদের লক্ষ্য করে একটি বৃহত্তর স্টিং অপারেশনের প্রস্তুতির অংশ ছিল।

যারা তাঁকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্নের জবাবে ডিকে শিবকুমার বলেন, কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কিন্তু বিস্তারিত তথ্য প্রকাশ করছে না। এশিয়ানেট সুবর্ণা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, “কে বলেছে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়নি? আপনারা জানেন না, এই আর কি। আমরা বিষয়টি প্রকাশ করছি না, এইটুকুই। আমরা সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।” কথিত সেই চেষ্টার কথা বর্ণনা করতে গিয়ে ডিকেএস বলেন, একজন শিল্পপতি কর্মকর্তাদের মাধ্যমে সাক্ষাতের সময় জোগাড় করেন এবং প্রথমে তাঁর সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করেন। কিন্তু পরে সেই আগন্তুক বুথ-স্তরের কৌশল এবং রাজনৈতিক ঘটনাবলী নিয়ে কথা বলে আলোচনার মোড় রাজনীতির দিকে ঘুরিয়ে দেন। ডিকে শিবকুমার বলেন, আলোচনার এই পরিবর্তন এবং আগন্তুকের পরা চশমাটি তাঁকে সন্দিহান করে তোলে।

ডিকেএস বলেন, “আমি আমার কর্মকর্তাদের ওই শিল্পপতির পটভূমি সম্পর্কে একটি ছোটখাটো তদন্ত করার নির্দেশ দিয়েছি।” কর্ণাটকের মুখ্যমন্ত্রীর মতে, তিনি যে তথ্য পেয়েছেন তাতে জানা গেছে যে, ওই আগন্তুক কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সঙ্গে বৈঠকে একই মেটা চশমা পরেছিলেন, কিন্তু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পরেননি। ‘’তিনি শুধুমাত্র আমার এবং ভি. ডি.সতীশনের কাছে আসার সময়ই মেটা চশমাটি পরেছিলেন,” বলে দাবি করেন শিবকুমার। সাক্ষাৎকারের সময় তিনি সেই আগন্তুকের পরিচয় জানাননি বা কথিত রেকর্ডিং চেষ্টার কোনো যাচাইযোগ্য প্রমাণও দেননি। ডিকেএস বলেন, তিনি সম্ভাব্য জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পেয়েছেন এবং ব্যক্তিগত সহকারী, ফোন কল ও অন্যান্য উপায়ে তাদের ফাঁদে ফেলার চেষ্টার বিষয়ে সতর্ক থাকতে তার মন্ত্রিসভার সহকর্মীদের সতর্ক করেছেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।