Bengal Liberty : চোরবাগান-কাণ্ডকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করল কংগ্রেস। বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অমিত শাহের বাংলা সফর এবং চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনাকে একই সূত্রে টেনে এনে কটাক্ষ করেন তিনি। তাঁর বক্তব্য, ঘটনাটি কাকতালীয় হলেও অত্যন্ত প্রতীকী। একই সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রাহুল গান্ধীকে নিয়ে অতিরিক্ত উদ্বেগের অভিযোগও তোলেন তিনি।
শুভঙ্কর সরকারের কথায়, “শুধু অমিত শাহ কেন? নরেন্দ্র মোদী থেকে মোহন ভাগবত, বিজেপির ছোট-বড়-মাঝারি সব নেতাই আজ রাহুল ফোবিয়ায় ভুগছেন।” তাঁর দাবি, দেশে যেখানে অন্যায়, অত্যাচার কিংবা প্রতিবাদ রয়েছে, সেখানেই রাহুল গান্ধী প্রতিবাদের অন্যতম মুখ হয়ে উঠেছেন। রাহুল গান্ধী দেশের যে প্রান্তেই যাচ্ছেন, এমনকী বিদেশে গেলেও, তাঁকে নিয়েই বিজেপি নেতৃত্ব ব্যস্ত হয়ে পড়ছে বলে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
এরপরই চোরবাগান দুর্ঘটনার প্রসঙ্গ তুলে অমিত শাহকে সরাসরি নিশানা করেন শুভঙ্কর। তিনি বলেন, “অমিত শাহকে আমি বলতে চাই, আমরা অপয়া, অপনোদন—এই সব শব্দে বিশ্বাস করি না, আমরা কাউকে এই সব বলিও না। এটা আমাদের সংস্কৃতি নয়। কিন্তু একটা কথা আজ বলতে বাধ্য হচ্ছি, আপনি বাংলার পক্ষে মোটেই শুভ নন।”
আরও খবর
উল্লেখ্য, চোরবাগানের দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। সেই ঘটনার প্রেক্ষিতে অমিত শাহের রাজ্যে আসার বিষয়টি তুলে ধরে শুভঙ্কর সরকারের মন্তব্য, “হয়তো এটা কাকতালীয়, কিন্তু অত্যন্ত প্রতীকী।” বিজেপির রাজনীতি ও নেতৃত্বকে আক্রমণ করে তাঁর আরও অভিযোগ, যেখানে বিজেপি যায়, সেখানেই বিভেদ, বিদ্বেষ ও হাহাকারের পরিবেশ তৈরি হয়।
গত ১৭ অক্টোবর মহাসপ্তমীর দিন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটে। ওই দিনই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুই ঘটনাকে একই সূত্রে টেনে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বাংলার সম্প্রীতি ও শান্তির প্রসঙ্গ তুলে শুভঙ্কর সরকারের বার্তা, “বাংলা শান্তির বাংলা, সম্প্রীতির বাংলা। এই বাংলায় আপনাদের বিভাজনের রাজনীতি চলবে না।”
চোরবাগান-কাণ্ডের আবহে অমিত শাহকে ঘিরে প্রদেশ কংগ্রেস সভাপতির এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।


