Bengal Liberty : এসআইআর এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ঘিরে বিরোধীদের প্রতিবাদ ক্রমশ জোরাল হচ্ছে। এই আবহেই এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৃহস্পতিবার লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ এবং নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে ‘ষড়যন্ত্রের’ অভিযোগের তীব্র সমালোচনা করেছেন। শুধু তাই নয়, কংগ্রেসের বিরুদ্ধে তাদের নির্বাচনী পরাজয়ের ব্যাখ্যা দিতে এই ইস্যুটিকে ব্যবহার করার অভিযোগ তুলেছেন তিনি। শাহের অভিযোগ, নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা কখনও ইভিএম, কখনও ভোট চুরির অভিযোগ তুলে জনতার রায়কে অস্বীকার করার চেষ্টা করছে। একই সঙ্গে কংগ্রেস ও বিরোধী জোটকে কটাক্ষ করে আগামী ৩০ বছরেও তাদের সরকার গঠনের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি। “বিজেপি নির্বাচনে জিততেই থাকে, আর এতে বিরোধী দল উদ্বিগ্ন। সে কারণেই তারা ‘ভোট চুরির অজুহাত নিয়ে এসেছে,”। এমনটাই বিস্ফোরক মন্তব্য করেন শাহ।
দিল্লির নজফগড় এলাকায় যমুনা নদী পরিষ্কারের জন্য ৮,৯৪১ কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অমিত শাহ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। সেইসঙ্গে তিনি এও বলেন, বিজেপি ধারাবাহিকভাবে নির্বাচনে জয়ী হওয়ায় বিরোধীরা ভোট চুরির অভিযোগ তুলছে। তাঁর মতে, “রাহুল জি, আপনি ভোট চুরির কথা বলতে থাকেন কারণ আপনি অনুপ্রবেশকারীদের ভোট রক্ষা করতে চান,” তিনি আরও বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তি দিয়েছেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগেও বিজেপি বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনে জয়লাভ করে আসছিল, অপরদিকে কংগ্রেস কয়েক দশক ধরে বহু রাজ্যে ক্ষমতার বাইরে ছিল।
“কংগ্রেস ও তার মিত্ররা বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলে, অথচ তারা বহু রাজ্যে কয়েক দশক ধরে ক্ষমতার বাইরে রয়েছে,” বলে শাহ বলেন। রাহুল গান্ধীকে নিশানা করে অমিত শাহ মন্তব্য করেন, রাজনৈতিক কৌশল বা বিক্ষোভের মাধ্যমে জনগণের রায়কে অস্বীকার করা যায় না। নির্বাচনে জিততে হলে মানুষের মধ্যে থাকতে হবে, তাঁদের সমস্যার কথা শুনতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। যে এলাকায় বিরোধীরা ক্ষমতায় রয়েছে, সেখানে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন এবং মানুষের দুর্ভোগ কমানোর দিকে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। তা না হলে বিরোধীদের রাজনৈতিক শক্তি আরও কমে যেতে পারে। এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


