Bengal Liberty : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং SIR বাতিলের দাবিতে ফের পথে নামার তোড়জোড় শুরু করেছে ইন্ডি জোট। উৎসবের মরসুম কাটতেই আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে বৃহস্পতিবার সন্ধ্যায় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসতে পারেন। সূত্রের খবর, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হতে পারে এই বৈঠক। সভাপতিত্ব করার কথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গাঁধী এবং রাহুল গাঁধীর মতো নেতারা যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। যদিও এই বৈঠক নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি ‘ইন্ডিয়া’ জোট। নভেম্বরের শুরু থেকে আন্দোলন আরও জোরদার করা এবং কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নির্ধারণই হতে পারে বৈঠকের মূল আলোচ্য বিষয়।
নভেম্বরে দিল্লিতে মিছিলের কর্মসূচি
জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং SIR বাতিলের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টির মতো বিজেপি-বিরোধী দলগুলি। ককরোচ জনতা পার্টির শুরু করা আন্দোলনেও এর আগে যোগ দিয়েছিলেন ইন্ডি জোটের নেতারা। কংগ্রেস নেতা রাহুল গাঁধী স্পষ্ট জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদ থেকে না সরলে তিনি আন্দোলন চালিয়ে যাবেন। তবে দুর্গাপুজো ও দীপাবলির কারণে সাম্প্রতিক সময়ে বিক্ষোভ কর্মসূচি কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। এবার নভেম্বরের শুরু থেকেই ফের আন্দোলন পুরোদমে শুরু করতে চাইছে বিরোধী শিবির।
এই লক্ষ্যে ‘গণতন্ত্র বাঁচাও’ অভিযানের অধীনে আগামী ১ নভেম্বর দিল্লিতে কর্মসূচির ডাক আগেই দিয়েছে বিরোধীরা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল হওয়ার কথা। বৃহস্পতিবারের বৈঠকে এই কর্মসূচির প্রস্তুতি এবং আন্দোলনকে আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি কীভাবে আরও জোরালো করা যায় এবং কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরির জন্য আর কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়েও মতবিনিময় করতে পারেন জোটের নেতারা।


