NCPI
এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদ

ফের সময় চাইলেন সুদীপ-কাকলিরা!

তৃণমূলের টিকিটে জিতে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের সাংসদ পদ খারিজের দাবি উঠেছে। এই মর্মে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে ২০টি পৃথক চিঠি দিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের জবাব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সাংসদদের সময়সীমা বেঁধে দিয়েছিলেন অধ্যক্ষ।গত ২২ সেপ্টেম্বর অধ্যক্ষের দফতর থেকে জানানো হয়েছিল, ৮ অক্টোবরের মধ্যে জবাব দিতে হবে। কিন্তু সেই সময়সীমার মধ্যেও জবাব জমা পড়েনি। এরপর ৮ অক্টোবর ই-মেল করে আরও দু’সপ্তাহ সময় চাওয়া হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার-সহ সংশ্লিষ্ট সাংসদদের তরফে। সেই আবেদনের পর ২০ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার পরও জবাব না দেওয়ায় ফের সময় চেয়েছেন তাঁরা। এবার ৩ নভেম্বর পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

২০ জন সাংসদের সাংসদ পদ খারিজের দাবিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। এই মামলায় শীর্ষ আদালত সংশ্লিষ্ট সাংসদদের জবাব দেওয়ার জন্য এক মাস সময় দিয়েছে। সেই সময়সীমার মধ্যেই তাঁদের বক্তব্য জানাতে হবে। যদিও অধ্যক্ষকে নির্দিষ্ট কোনও সময়সীমা বেঁধে দেয়নি সুপ্রিম কোর্ট, তবে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে, গোটা প্রক্রিয়ায় লোকসভার অধ্যক্ষের পদক্ষেপের উপর নজর রাখবে আদালত। ফলে বারবার সময় চাওয়ার পর এবার কী সিদ্ধান্ত নেন ওম বিড়লা, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।