Sunil Bansal
Sunil Bansal

বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠকে চূড়ান্ত হতে পারে পুরভোটের প্রার্থী তালিকা! শাসকদলের ঘনিষ্ঠ হতে মরিয়া তৃণমূলের ২০ কাউন্সিলর

Bengal Liberty : উমা বিদায়ের পর থেকেই রাজ্যজুড়ে পুরভোটের প্রস্তুতিতে গতি এসেছে। আসন্ন কলকাতা ও হাওড়া পুরনিগম নির্বাচনকে সামনে রেখে নিজেদের রণকৌশল সাজাতে তৎপর বঙ্গ বিজেপি। সেই প্রস্তুতির মধ্যেই শুক্রবার রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে আজই রাজ্যে আসছেন বিজেপির পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। সূত্রের খবর, ওই বৈঠকে পুরভোটের প্রার্থী তালিকা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নভেম্বরেই কলকাতা, হাওড়া-সহ সাতটি পুরনিগম ও পুরসভায় ভোট হতে পারে। যদিও এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তার আগেই প্রার্থী বাছাই থেকে শুরু করে সাংগঠনিক প্রস্তুতি—সব ক্ষেত্রেই তৎপরতা বাড়িয়েছে বিজেপি। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে অক্টোবরের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরনিগমের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির।

এদিকে, প্রার্থী তালিকা নিয়ে বিজেপির অন্দরে চলছে শেষ মুহূর্তের ঝাড়াই-বাছাই। কোন ওয়ার্ডে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বেরও মতামত নেওয়া হতে পারে বলে খবর। এরই মধ্যে তৃণমূলের ২০ জনেরও বেশি কাউন্সিলর বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে সূত্রের দাবি।

বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে। শুক্রবার সুনীল বনসলের উপস্থিতিতে রাজ্য নেতৃত্বের বৈঠকে সেই প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে পুরভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই কলকাতা ও হাওড়াকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির রাজনৈতিক তৎপরতা যে বাড়ছে, তা স্পষ্ট।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।