India Vs Laos
India Vs Laos

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু ভারতের, লাওসকে ৪-২ গোলে হারাল ব্লু কোল্টস

Bengal Liberty : ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল ভারত। শনিবার আজারবাইজানের বাকুতে লাওসকে ৪-২ গোলে হারিয়ে প্রতিযোগিতার প্রথম ম্যাচেই জয় তুলে নিল ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। তবে দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচে সমতা ফেরার পর কিছুটা চাপে পড়তে হয় ব্লু কোল্টসদের। শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় নিশ্চিত করে ভারত।

প্রথমার্ধেই এগিয়ে ভারত

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারতের তরুণ ফুটবলাররা। ম্যাচের ৭ মিনিটে ম্যাকডনিশ ঙাইরাংবামের গোলে প্রথম এগিয়ে যায় ভারত। এরপর ১১ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান আর লালরেমরুয়াতফেলা। ফলে ম্যাচের শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় ব্লু কোল্টসরা। তবে ভারতের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১২ মিনিটে আনাভিন জাইয়াসোনের গোলে ব্যবধান কমায় লাওস। প্রথমার্ধের শেষে ২-১ গোলে এগিয়ে ছিল ভারত।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় লাওস। ২৪ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। ফলে ২-২ স্কোরলাইনে নতুন করে উত্তেজনা বাড়ে ম্যাচে। একসময় ভারতের জয় নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।

কিন্তু চাপের মুখেও হাল ছাড়েনি ভারত। ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ভারতকে ফের এগিয়ে দেন আর লালরেমরুয়াতফেলা। এর ঠিক দু’মিনিট পর, ৩৩ মিনিটে দুরন্ত দূরপাল্লার শটে গোল করে ভারতের জয় কার্যত নিশ্চিত করেন সৌমোজিৎ সরকার। শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় ভারত।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেলেও ভারতের রক্ষণভাগ নিয়ে কিছুটা চিন্তা থেকেই যাচ্ছে। দুই গোলে এগিয়ে থেকেও প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ দেওয়া আগামী ম্যাচগুলিতে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে রক্ষণে আরও সতর্ক থাকতে হবে ব্লু কোল্টসদের।

সূচি অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর ক্যামেরুন ও গ্রেনাডার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ফলে পরপর দুই ম্যাচে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য কোচ বিবিয়ানো ফার্নান্ডেজের দলের। তবে এই জয় ভারতের আত্মবিশ্বাস কে দ্বিগুন করবে তা বলাই বাহুল্য।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।