Bengal Liberty: ছুটির দিনে বাতিল একগুচ্ছ ট্রেন। রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জেরে রবিবার, হাওড়া ডিভিশনের একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হতে চলেছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ডিভিশনের মোট ২০টি জায়গায় নির্দিষ্ট সময়ের জন্য রেললাইনে ব্লক নেওয়া হবে। এর ফলে বাতিল থাকছে ৫৯টি লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন। পাশাপাশি চারটি ট্রেনের ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে এবং তিনটি ট্রেনকে যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হবে। জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেসের ক্ষেত্রেও পথে ৪০ মিনিট নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ব রেল সূত্রে খবর, রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শাখায় চলবে রক্ষণাবেক্ষণের কাজ। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের লিলুয়া-বেলুড়, মেন লাইনের কোন্নগর-রিষড়া ও শেওড়াফুলি-ভদ্রেশ্বর অংশে ব্লক নেওয়া হবে। পাশাপাশি তারকেশ্বর-মায়াপুর, মগরা, বৈঁচি-মেমারি, বর্ধমান-তালিত, বাঁশবেড়িয়া-ত্রিবেণী, পূর্বস্থলী-পাটুলি এবং অগ্রদ্বীপ-দাঁইহাট-সহ বিভিন্ন অংশেও কাজ চলবে। মুর্শিদাবাদ ও বীরভূমের একাধিক জায়গাতেও রেললাইনের রক্ষণাবেক্ষণ করা হবে। কিছু এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ট্রেন চলাচলে প্রভাব পড়তে পারে।
বাতিল ট্রেনের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে হাওড়া থেকে ছাড়ার ট্রেন। এই স্টেশন থেকে ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। বর্ধমান থেকে ১০টি এবং ব্যান্ডেল থেকে সাতটি ট্রেন চলবে না। কাটোয়া থেকে চারটি, চন্দনপুর থেকে তিনটি এবং মেমারি, আসানসোল ও রামপুরহাট থেকে দু’টি করে ট্রেন বাতিল রয়েছে। এ ছাড়া আরামবাগ, গোঘাট, পাণ্ডুয়া, আজিমগঞ্জ, বারুইপাড়া, অন্ডাল ও সাহেবগঞ্জ থেকে একটি করে ট্রেন বাতিল করা হয়েছে।
আরও খবর
অন্যদিকে, জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস সকাল ৬টা ২৫ মিনিটের পরিবর্তে ৭টা ২৫ মিনিটে ছাড়বে। বোলপুর শান্তিনিকেতন-হাওড়া এক্সপ্রেস দুপুর ১টা ১৫ মিনিটের বদলে বিকেল ৩টেয় ছাড়বে। রামপুরহাট-শিয়ালদহ মা তারা এক্সপ্রেস ৩০ মিনিট এবং হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে ছাড়বে।
যাত্রীদের ভোগান্তি এড়াতে যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।


