Bengal Liberty : পাকিস্থানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দিয়ে তাদের উচিত শিক্ষা দিয়ে এসেছে ভারতীয় সেনা। রবিবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলতে গিয়ে এই কথাই জানালেন ভারতীয় বায়ু সেনার চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল এপি সিং। আগামীদিনে যদি প্রয়োজন হয়, তাহলে এই একই ধরনের অভিযান চালাতে যে বায়ু সেনা প্রস্তুত, সেই কথাই জানিয়ে দিলেন এয়ার চিফ মার্শাল।
গত বছর মে মাসে প্রতিবেশি পাকিস্থান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। সেই অপারেশনে যিনি দায়িত্বে ছিলেন সেই চিফ এয়ার মার্শাল এ পি সিং রবিবার সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে ২০০ কিলোমিটার ভিতরে ঢুকে ও ১২০০ কিলোমিটার প্রস্থ জুড়ে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল।’ একই সঙ্গে তিনি জানান, অপারেশন সিঁদুর প্রমাণ করেছে, ভারত ঠিক পথই বেছে নিয়েছে। সন্ত্রাসবাদকে নির্মুল করতে ভারত বেছে বেছে নির্দিষ্ট লক্ষবস্তুর ওপর হামলা চালিয়েছে। আগামী দিনে যদি প্রয়োজন হয়, তাহলে এই একই ধরনের অভিযান চালাতে প্রস্তুত।
একই সঙ্গে বায়ুসেনা প্রধান জানান, বায়ুসেনার তরফে এমনভাবে এই অভিযান চালানো হয়েছে যাতে ভারতীয় সেনার তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সেই সঙ্গে বায়ুসেনার তরফে সমষ্টিগতভাবে যেভাবে অভিযান চালানো হয়েছে, তারও তারিফ করেছেন এয়ার চিফ মার্শাল। তাঁর মতে, শুধুমাত্র একটি অস্ত্র ব্যবহার করে এই অভিযান চালানো হয়নি। এই অভিযানের পিছনে নেটওয়ার্ক অপারেশন, বুদ্ধিমত্তা, এয়ার ডিফেন্স সিস্টেম, ইলেকট্রনিক প্রতিরক্ষা সরঞ্জাম কাজ করেছে। সমষ্টিগতভাবে ভালোভাবে কাজ করার জন্যই গোটা অভিযান সফল হয়েছে।


