Bengal Liberty : আইএসএলের মঞ্চে ফের একবার মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ও চেন্নাইয়িন এফসি। সোমবার, ২৬ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই দল। চলতি আইএসএলে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে, মরশুমের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে চেন্নাইয়িন এফসি। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
জয়ের ধারায় ফিরতে মরিয়া মোহনবাগান
চলতি আইএসএলে শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগানের। প্রথম ম্যাচেই নর্থইস্ট ইউনাইটেডের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে পরের ম্যাচেই স্পোর্টিং ক্লাব দিল্লিকে ২-১ গোলে হারিয়ে জয়ের সরণিতে ফেরে তারা। ফলে চেন্নাইয়িনের বিরুদ্ধে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করাই প্রধান লক্ষ্য থাকবে মোহনবাগানের।
তবে একাধিক সুযোগ তৈরি করেও গোলের ব্যবধান বাড়াতে না পারার বিষয়টি চিন্তায় রাখছে দলের কোচ পানাজিওটিস ডিমপেরিসকে। প্রতিপক্ষের বক্সে আরও নিখুঁত ফিনিশিং এবং বলের দখল ধরে রেখে আক্রমণের গতি বাড়ানোই হতে পারে এই ম্যাচে মোহনবাগানের অন্যতম প্রধান লক্ষ্য।
আরও খবর
প্রথম জয়ের খোঁজে চেন্নাইয়িন
অন্যদিকে, চলতি আইএসএলে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি চেন্নাইয়িন এফসি। মরশুমের প্রথম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ২-০ গোলে পরাজিত হয় তারা। ফলে মোহনবাগানের বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নেওয়াই প্রধান লক্ষ্য থাকবে ক্লিফোর্ড মিরান্ডার দলের।
তবে প্রতিপক্ষের ঘরের মাঠে জয় পাওয়া যে সহজ হবে না, তা ভালোভাবেই জানে চেন্নাইয়িন শিবির। বিশেষ করে মোহনবাগানের আক্রমণভাগকে আটকে রাখার পাশাপাশি মাঝমাঠের দখল ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
নজরে থাকবে কোন ফুটবলাররা?
এই ম্যাচে মোহনবাগানের হয়ে নজর থাকবে লি এরউইন, মিগুয়েল ফিগেইরা এবং অনিরুদ্ধ থাপার দিকে। তবে মিগুয়েল ফিগেইরার চোটের সমস্যা এবং অপুরিয়া রালতের অসুস্থতা নিয়ে উদ্বেগ রয়েছে। জেমি ম্যাকলারেনের খেলা নিয়েও সংশয় রয়েছে। ফলে ম্যাচের আগে দলের চূড়ান্ত একাদশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
অন্যদিকে, চেন্নাইয়িনের হয়ে নজর থাকবে ইরফান ইয়াদওয়াদ, মাদিহ তালাল ও রামন তানকের দিকে। প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে গোলের সুযোগ কাজে লাগানোই হতে পারে তাদের সাফল্যের চাবিকাঠি।
পরিসংখানে এগিয়ে সবুজ মেরুন
দুই দলের পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যায়, আইএসএলে এখনও পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে মোহনবাগান ও চেন্নাইয়িন এফসি। যার মধ্যে ৬টি ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান, ২টি ম্যাচে জয় পেয়েছে চেন্নাইয়িন এবং বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে। এছাড়া গত মরশুমে সল্টলেকের মাঠে চেন্নাইয়িনকে ২-০ গোলে হারিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড।
সবমিলিয়ে একদিকে ঘরের মাঠে জয়ের লক্ষ্য, অন্যদিকে প্রথম জয়ের খোঁজ। ফলে সোমবারের এই ম্যাচে দুই দলের লড়াই যে যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে, তা বলাই বাহুল্য।


