Bengal Liberty : ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে রেল পরিষেবার উপরেও। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যার জেরে রীতিমতো সমস্যার মুখে পড়তে চলেছেন বহু রেলযাত্রী।
রেল সূত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ২৭ ও ২৮ অক্টোবর মিলিয়ে মোট ৬৪টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের ৫৩টি প্যাসেঞ্জার ও লোকাল ট্রেন এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ওড়িশার মধ্যে চলাচলকারী ১১টি এক্সপ্রেস ও স্পেশাল ট্রেন রয়েছে। তবে সমস্ত ট্রেনই যে আগামীকাল বাতিল, এমনটা নয়।
২৮ অক্টোবর, বুধবার বিশাখাপত্তনম ডিভিশনে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবা বাতিলের তালিকায় রয়েছে। বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ, বিশাখাপত্তনম-বিজয়ওয়াড়া রত্নাচল এক্সপ্রেস, বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ বন্দে ভারত এক্সপ্রেস এবং বিশাখাপত্তনম-গুন্টুর উদয় এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা।
আরও খবর
এছাড়াও রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া, মাছিলিপত্তনম, গুন্টুর এবং ভীমাভরমের বিভিন্ন লোকাল ও প্যাসেঞ্জার ট্রেনও বাতিলের তালিকায় রয়েছে। অন্যদিকে হাওড়া-জগদলপুর এক্সপ্রেসও ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতিল হয়েছে। ফলে দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির আশঙ্কা আরও বাড়ছে।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব এবং প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রেখে রেল পরিষেবার সূচিতে আরও পরিবর্তন হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।


