Cyclone Arnab
Cyclone Arnab

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বৃষ্টির ভ্রুকুটি বাংলায়! উত্তর ও দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

Bengal Liberty : বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এবার আবহাওয়ার বড়সড় পরিবর্তনের আশঙ্কা বাংলায়। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টির সম্ভাবনা। ফলে ঘূর্ণিঝড়ের সরাসরি স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা না থাকলেও তার প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ।

দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।

পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে। কলকাতা-সহ কয়েকটি এলাকাতেও বৃষ্টির দেখা মিলেছে। কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার দাপটও বাড়তে পারে।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে ২৯ ও ৩০ অক্টোবর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির জেরে ধসের আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল ও সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণব ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশ দিয়ে ইয়ানামের কাছাকাছি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে প্রবেশ করতে পারে। সেই সময় ঝড়ের স্থায়ী বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

সব মিলিয়ে ঘূর্ণিঝড় অর্ণবকে ঘিরে বাংলার আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।