Cyclone Arnab
Cyclone Arnab

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলার উপকূলে বৃষ্টির পূর্বাভাস

Bengal Liberty : বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। সোমবার বিকেলেই নিম্নচাপ থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেটি। আগামী ১২ ঘণ্টার মধ্যে অর্ণব অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়টির গতিপ্রকৃতির উপর লাগাতার নজর রাখছেন আবহাওয়াবিদেরা। এর প্রভাবে আগামী ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের সোমবার বিকেলের বুলেটিন অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অর্ণব। গত ছ’ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে সেটি। বর্তমানে ঘূর্ণিঝড়টির অবস্থান ১৫.৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছে। ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ৪৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে রয়েছে অর্ণব।

পূর্বাভাস অনুযায়ী, ২৭ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড়টি। ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝামাঝি, বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অর্ণবের। সেই সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন হতে পারে, সেদিকেও নজর রাখছে আবহাওয়া দফতর। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এবং ঝোড়ো হাওয়ার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।