India - Pakistan
ভারত পাকিস্তান

অপারেশন সিঁদুরের পর প্রথম, নভেম্বরে পাক মন্ত্রীকে আমন্ত্রণ ভারতে

Bengal Liberty : কূটনৈতিক স্তরে আন্তর্জাতিক মঞ্চে যোগদানের জন্য এবার পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত। আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে বসবে প্রথম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সিভিলাইজেশনাল ডায়লগ ফোরাম। সেখানে ভারতের তরফে ১০টি গোষ্ঠীভুক্ত দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারমধ্যে পাকিস্তানও রয়েছে। সেই দেশের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংক্রান্ত মন্ত্রী ঔরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের পর এই প্রথম পাকিস্তানের কোনও মন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত।

সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই আমন্ত্রণের কথা জানিয়েছিলেন। গত ২০ অক্টোবর তাজাখিস্তানে গিয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের কাউন্সিল অফ হেড অফ গভার্নমেন্ট মিটিংয়ে গিয়ে এই আমন্ত্রণের কথা জানিয়েছিলেন মন্ত্রী। এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও মজবুত করার লক্ষেই এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তবে সেই সঙ্গে এও স্পষ্ট করে দিয়েছেন, সন্ত্রাসবাদীদের যারা টাকা দিয়ে সাহায্য করে তাঁদের কোনওভাবে রেয়াত করা হবে না। এখানেই দ্বিচারিতার কোনও জায়গা নেই। যখন প্রতিরক্ষা মন্ত্রী এই কথাগুলি বলেছিলেন, তখন সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাক ডর।

ভার‍ত পাকিস্তানকে আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত ইসলামাবাদের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার। পাকিস্তানের সংস্কৃতি মন্ত্রী যদি ভারতে আসে, তাহলে সেটা তিন বছর পর এমন ঘটনা ঘটবে। এর আগে ২০২৩ সালে গোয়ায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রী পর্যায়ে যোগ দিয়েছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুটো জারদারি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।