Bengal Liberty : ফের আইনি চাপে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়। শালবনি জমি দুর্নীতি মামলায় জেলবন্দি সুমিতকে এবার প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। বুধবার তাঁকে শালবনি থেকে আলিপুর আদালতে নিয়ে এসে পেশ করা হয়। এই মামলায় জামিনের আবেদন করেছেন সুমিত। পাশাপাশি, তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
৪০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের কালীতলা আশুতি থানায় সুমিত রায়ের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, এই মামলায় প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরির সঙ্গে তাঁর যোগ রয়েছে। সেই মামলাতেই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। বর্তমানে শালবনি জমি দুর্নীতি মামলায় বন্দি রয়েছেন সুমিত। সেই মামলার তদন্ত চালাচ্ছে সিআইডি। নতুন মামলায় তাঁকে গ্রেফতার দেখানোর জন্য আইনি প্রক্রিয়া মেনেই আদালতে পদক্ষেপ করেছে পুলিশ। বুধবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। মামলায় জামিনের আবেদন জানিয়েছেন সুমিতের পক্ষের আইনজীবী। অন্যদিকে, তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।
শালবনি জমি দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছে সুমিতের
এর আগে শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে গ্রেফতার করে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, শালবনি এলাকায় খাস সরকারি জমির ভুয়ো নথি তৈরি করে তা বিক্রির ঘটনায় তাঁর ভূমিকা ছিল। এই মামলায় প্রথমে গ্রেফতার করা হয় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সুমিতের নাম জানতে পারেন তদন্তকারীরা। তদন্তকারী সংস্থার জমা দেওয়া চার্জশিটেও আর্থিক লেনদেনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। চার্জশিট অনুযায়ী, কেলেঙ্কারির টাকা সুজয় হাজরার মাধ্যমে সুমিত রায়ের অফিসে পৌঁছত বলে অভিযোগ। শালবনি জমি দুর্নীতি মামলার তদন্ত চলার মধ্যেই এবার মাটি চুরির নতুন মামলায় সুমিতকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোয় তাঁর আইনি জটিলতা আরও বাড়ল।


