Kajal Sheikh
Kajal Sheikh

মতার শিবিরে ফিরতেই কোপ নিরাপত্তায়? কাজল শেখের দেহরক্ষী প্রত্যাহার ঘিরে বিতর্ক

Bengal Liberty : রাজনৈতিক শিবির বদলের পর এবার নিরাপত্তা প্রত্যাহার! বীরভূমের হাঁসনের তৃণমূল বিধায়ক কাজল শেখের নিরাপত্তারক্ষী তুলে নেওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে তাঁর নিরাপত্তারক্ষীদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খোদ কাজল শেখ। সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে ফিরে এসেছিলেন তিনি। তার পরেই নিরাপত্তা প্রত্যাহারের ঘটনায় রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠছে। যদিও নিরাপত্তা প্রত্যাহারের সঙ্গে তাঁর রাজনৈতিক অবস্থান বদলের সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে বিভাজন তৈরি হলে কাজল শেখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছিলেন বলে রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন। সেই শিবিরের বিভিন্ন বৈঠকেও তাঁকে দেখা গিয়েছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের মূল সংগঠনে ফিরে আসার আহ্বান জানান। এরপরই কাজল শেখের মমতার শিবিরে প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়।

দীর্ঘদিন ধরেই নিরাপত্তারক্ষী পেতেন বীরভূমের এই তৃণমূল বিধায়ক। তাঁকে খুনের সুপারি নিয়ে বাংলাদেশ থেকে আসার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক শান্তিনিকেতনে ধরা পড়ার পর তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বলে জানা যায়। তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই ধাপে ধাপে তাঁর নিরাপত্তা কমানো হয়। বাড়ির সামনের পাহারা, এসকর্ট ও নিরাপত্তারক্ষীর সংখ্যা—একাধিক ক্ষেত্রে ছাঁটাই করা হয়েছিল। শেষ পর্যন্ত তাঁর নিরাপত্তায় তিনজন সশস্ত্র রক্ষী ছিলেন বলে জানা গিয়েছে। এবার সেই নিরাপত্তাও প্রত্যাহার করা হল।

নিরাপত্তা প্রত্যাহার প্রসঙ্গে কাজল শেখ জানিয়েছেন, “বুধবার বিধানসভায় দলের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেছিলাম। বৃহস্পতিবার দুপুর থেকে নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হয়।” তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলে ফিরে আসার কারণেই এই পদক্ষেপ করা হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

তবে প্রশাসনের তরফে নিরাপত্তা প্রত্যাহারের কারণ নিয়ে স্পষ্ট কোনও বক্তব্য সামনে আসেনি। ফলে কাজল শেখের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।