bEengal Liberty : কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচন করাতে সক্রিয় হয়েছে রাজ্য সরকার । সেই পর্যায়ে আসন পুর্নবিন্যাস নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। এরই মধ্যে কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত মামলায় আপাতত কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। ডিলিমিটেশন প্রক্রিয়াকে অবৈধ বলে দাবি করে দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের একক বেঞ্চ। ফলে বর্ধিত ওয়ার্ডের ভিত্তিতে কলকাতা পুরসভার ভোটপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে কোনও আইনি বাধা রইল না।
মামলাকারীর তরফে ডিলিমিটেশন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। পাশাপাশি, পুরভোটের প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী নির্দেশ জারির আবেদনও জানানো হয়। তবে শুনানির পর আদালত আপাতত কোনও স্থগিতাদেশ দেয়নি। ফলে মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনি বাধা তৈরি হল না।
এদিকে, মামলার পরবর্তী শুনানির আগে কলকাতা পুরসভা, রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ওই হলফনামার জবাবে মামলাকারীকে পরবর্তী দু’সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা জমা দিতে হবে। অর্থাৎ, সব পক্ষের বক্তব্য ও নথি আদালতে জমা পড়ার পর আগামী ছ’সপ্তাহের মধ্যে মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা।
আরও খবর
ডিলিমিটেশন প্রক্রিয়ার ফলে কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। তবে এই প্রক্রিয়ার বৈধতা নিয়ে ওঠা প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ না মেলায় বর্ধিত ওয়ার্ডের ভিত্তিতে ভোট পরিচালনার পথে আদালতের কোনও বাধা নেই। তবে পুরসভা সূত্রে খবর, কিছু প্রশাসনিক কাজ বাকি থাকায় নভেম্বরের শেষ সপ্তাহের পরিবর্তে ডিসেম্বর মাসে পুরভোট হতে পারে। যদিও এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।


