Kunal Ghosh - Juhi Biswas
Kunal Ghosh - Juhi Biswas

কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে মুখে কুলুপ জুঁই বিশ্বাসের

Bengal Liberty : ফের বিতর্কে কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বলে স্বীকার করলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জুঁই বিশ্বাস। তবে ঠিক কোন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মামলা, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। বিষয়টি বিচারাধীন বলেই আপাতত কোনও মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন জুঁই। তাঁর বক্তব্য, সময় এলে সব কিছু স্পষ্ট করবেন।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্ট করে জুঁই বিশ্বাস জানিয়েছেন, তাঁর সম্পর্কে কুণাল ঘোষ যে ধরনের মন্তব্য করছেন, তা তিনি বরদাস্ত করবেন না। কুণালের মন্তব্যকে মানহানিকর বলেও উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে আইনি পদক্ষেপের কথাও জানিয়েছেন জুঁই। তবে ঠিক কোন মন্তব্যকে কেন্দ্র করে এই পদক্ষেপ, তা স্পষ্ট করেননি তিনি। বিষয়টি বিচারাধীন হওয়ায় এখনই বিস্তারিত কিছু বলতে চান না বলেও জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর।

জুঁই বিশ্বাস কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং বরো ১০-এর প্রাক্তন চেয়ারপার্সন। তিনি তৃণমূল মহিলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদকও। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি স্বরূপ বিশ্বাসের স্ত্রী এবং তৃণমূলের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভ্রাতৃবধূ।

কলকাতা পুরসভার নির্বাচন এখনও ঘোষণা হয়নি। তবে ভোটের আগে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কেউ কেউ বিজেপির টিকিটে লড়তে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই আবহে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে ধারাবাহিকভাবে মন্তব্য করতে দেখা গিয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের অনুমান, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বিজেপিতে যোগদান এবং সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে যে আলোচনা চলছে, তারই আবহে কুণাল ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে আইনি জটিলতার সূত্রপাত হয়েছে। যদিও ঠিক কোন মন্তব্যের জেরে জুঁই বিশ্বাস মানহানির মামলা করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।