Bengal Liberty: বিরোধী দলের আনা ভোট চুরির অভিযোগ নিয়ে আলোচনার জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত। শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তিনি বলেন যে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই আলোচনায় রাজি হবেন না। লখনউতে দলীয় কর্মীদের উদ্দেশে শাহ বলেন, “আমি ভোট চুরির অভিযোগ নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত। কিন্তু রাহুল বাবা কখনোই এতে রাজি হবেন না। তিনি সংসদে এই বিষয়ে আলোচনা করবেন না, বরং রাস্তায় হট্টগোল সৃষ্টি করবেন।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আমি রাহুল ও অখিলেশকে চ্যালেঞ্জ জানাচ্ছি—আসুন, প্রতিটি অভিযোগ নিয়ে সংসদের ভেতরে আলোচনা করা যাক। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।
কিন্তু তারা আলোচনা চায় না, তারা চায় রাস্তায় নাটক করতে।” স্বরাষ্ট্রমন্ত্রীর এই তীব্র আক্রমণ এমন এক সময়ে এল, যখন ‘ইন্ডি’ জোট “গণ-ইমপিচমেন্ট” কর্মসূচি অসময়ের বৃষ্টির মতো তুচ্ছ কারণ দেখিয়ে স্থগিত করেছে। প্রসঙ্গত, ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিষয়টি নিয়েও বিরোধী দলগুলো প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ওপর আক্রমণ আরও জোরদার করেছে। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন আসলে শাসক দল ভারতীয় জনতা পার্টিকে সুবিধা পাইয়ে দেওয়ার কৌশল হিসেবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ করেছে।


