IAS Officer Shikhar Agarwal
শিখর আগরওয়াল এবং তাঁর IPS আধিকারিক স্ত্রী প্রশাখা মাথুর

ভিলা-কাণ্ডে বিপাকে IAS শিখর আগরওয়াল, দুর্নীতির অভিযোগে তদন্তে ACB

ACB-র প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শিখর আগরওয়াল এবং তাঁর IPS আধিকারিক স্ত্রী প্রশাখা মাথুর উদয়পুরের বুজড়া রিসর্টে একাধিক ভিলা কেনেন। অভিযোগ, ২০২৬ সালের মার্চ মাসে সেখানে ১৫ লক্ষ টাকা করে মোট ১০টি ভিলা কেনা হয়। পাশাপাশি, আলওয়ারের আজবগড় রিসর্টে ১৬.৫ লক্ষ টাকা করে আটটি ভিলা কেনেন তাঁরা। শুধু তাই নয়, তাঁদের দুই ছেলে প্রায় ১৫ লক্ষ টাকা করে আরও চারটি ভিলা কেনেন বলে অভিযোগ। পরিবারের অন্যান্য সদস্যদের নামেও আরও চারটি ভিলা কেনা হয়েছিল। সব মিলিয়ে ২০টি ভিলা কেনার নথি ২৭ মার্চ রেজিস্ট্রি করা হয়েছিল বলে দাবি ACB-র। তদন্তকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ওই একই দিনে গোয়াল ফ্যাশনস প্রাইভেট লিমিটেডকে বিশেষ আর্থিক ছাড়ের প্যাকেজ দেওয়ার নির্দেশ জারি করেছিল রাজ্যের অর্থ দফতর। এই দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ACB।

ACB-র অভিযোগ, সংস্থার পরিচালকদের সঙ্গে যোগসাজশ করে রিসর্ট নির্মাণ সংক্রান্ত নিয়ম শিথিল করেছিলেন আগরওয়াল। বাধ্যতামূলক শংসাপত্র যাচাই না করেই নির্মাণের অনুমোদন দেওয়া এবং বিশেষ আর্থিক ছাড় পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এর ফলে রাজ্য সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার।

পাশাপাশি, আগরওয়াল ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির পরিমাণ তাঁদের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা-ও খতিয়ে দেখা হবে। উদয়পুরের জেলাশাসক, রাজস্থান রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান এবং শিল্প দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে থাকাকালীন তিনি সরকারি ক্ষমতার অপব্যবহার করেছিলেন কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।