Indranil Sen
লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরিকে! আর্থিক তছরুপের শিকড়ের খোঁজে তদন্তকারীরা

ইউনেস্কোর নাম করে প্রিভিউ শো! পুজো কমিটিগুলিকে পারমিশন বাতিলের হুমকি ইন্দ্রনীলের, তদন্তে নয়া তথ্য

Bengal Liberty : দুর্গাপুজোর প্রিভিউ শো ঘিরে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে ক্রমশ সামনে আসছে নতুন তথ্য। ইউনেস্কোর নাম ব্যবহার করে প্রিভিউ শোয়ের আয়োজন এবং পাস বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা তোলার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এবার তদন্তকারীদের হাতে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর কিছু তথ্য। তদন্ত সূত্রে খবর, প্রিভিউ শোয়ে অংশগ্রহণের জন্য একাধিক পুজো কমিটির উপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলে বয়ানে জানিয়েছেন কমিটির সদস্যদের একাংশ।

তদন্তে উঠে এসেছে, প্রাথমিকভাবে মোট ২৪টি পুজোকে এই প্রিভিউ শোয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। ওই পুজো কমিটিগুলির কয়েকজন সদস্যের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছেন তদন্তকারীরা। তাঁদের অভিযোগ, প্রিভিউ শোয়ে অংশগ্রহণ না করলে কিংবা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সহযোগিতা না করলে পুজোর অনুমতি পাওয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করে ইন্দ্রনীল সেন পুজোর অনুমতি দেওয়ার বিষয়টিকে সামনে রেখেই কমিটিগুলির উপর চাপ সৃষ্টি করেছিল। তদন্তকারীদের মতে, ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ক্ষেত্রে এই বয়ানগুলি গুরুত্বপূর্ণ।

পাশাপাশি তদন্তে জানা যাচ্ছে, তালিকাভুক্ত ২৪টি পুজোর ক্ষেত্রে ইউনেস্কোর তরফে কোনও বিশেষ সুপারিশ বা নির্দেশ ছিল না। এমনকী ইউনেস্কোর তরফে প্রিভিউ পাস বিক্রির কথাও বলা হয়নি বলে তদন্তকারীদের কাছে আসা তথ্য থেকে জানা যাচ্ছে। ২০২২ সাল থেকে প্রিভিউ পাসের নামে টাকা তোলার অভিযোগ উঠলেও ২০২৫ সালে ইউনেস্কোর সঙ্গে যে চুক্তি হয়েছিল, তার বিষয়বস্তু ছিল দুর্গাপুজোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি। সেখানে প্রিভিউ পাস বিক্রি বা টিকিটের মাধ্যমে অর্থ সংগ্রহের কোনও উল্লেখ ছিল না বলে দাবি করেছে তদন্তকারীরা।

এদিকে, প্রিভিউ শো থেকে পুজো কমিটিগুলি কত টাকা পেয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। দমদম পার্ক ভারতচক্রের অন্যতম কর্তা প্রতীক চৌধুরীর দাবি, ” মাসআর্টের প্রিভিউ শোয়ে অংশ নিয়েও ক্লাব খুব সামান্য অর্থ পেয়েছিল। ২০২২ সালে কোনও আর্থিক চুক্তি ছিল না। ২০২৪ সালে এলইডি স্ক্রিন ব্যবহারের বিনিময়ে বিভিন্ন ক্লাবকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার চুক্তি হয়। প্রিভিউ পাস বিক্রি থেকেও ক্লাবগুলি সামান্য টাকা পেয়েছিল।”

প্রতীক চৌধুরী আরও জানিয়েছেন, ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে তাঁদের ক্লাব এই প্রিভিউ শোয়ের সঙ্গে যুক্ত ছিল। তবে ২০২৫ সালে সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের উদ্যোগে প্রিভিউ শোয়ের আয়োজন করে দমদম পার্ক ভারতচক্র। তাঁর দাবি, মাসআর্টের প্রচারসামগ্রীতে ইউনেস্কোর লোগো এবং পার্টনারশিপের উল্লেখ থাকায় তাঁরা বিষয়টি নিয়ে আলাদা করে যাচাই করেননি। তাঁর জানা অনুযায়ী, তিন বছরে প্রায় ৪২টি পুজো কমিটি এই ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল।

প্রিভিউ শোয়ের নামে অর্থ সংগ্রহ, ইউনেস্কোর নাম ব্যবহারের বৈধতা এবং পুজো কমিটিগুলির উপর প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ, এই বিষয়গুলিকে সামনে রেখেই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্ত এগোচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।