Bengal Liberty : ধনতেরাস, দীপাবলির আগে রবিবার ছুটির দিন রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশ থাকায় প্রচুর পরিমানে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে দিল্লির ছোট ব্যবসায়ীদের। তাঁদের দাবি, একদিনে তাঁদের ক্ষতি হয়েছে ১১ হাজার কোটি টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, যে পরিমাণ ক্ষতির তাঁদের সম্মুখীন হতে হয়েছে, সেই ক্ষতির পূরণ কে করবে? এর জন্য বিরোধীদের দিকেই আঙুল তুলেছেন তাঁরা।
দিল্লির ব্যবসায়ীদের তরফে জানানো হয়েছে, সমাবেশের দিন রামলীলা ময়দানের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত সমস্ত দোকান তাঁদের বন্ধ রাখতে হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে সমস্ত বাজার রয়েছে, সেগুলি হল, চাঁদনি চক, চৌরি বাজার, সদর বাজার, জামা মসজিদ, লাজপত রাই মার্কেট। এছাড়াও আরও অনেক বাজার রয়েছে। এখানে প্রায় তিন লক্ষ দোকান রয়েছে। এরমধ্যে আড়াই লক্ষ দোকান সমাবেশের দিন বন্ধ রাখতে হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ৮০ শতাংশ ব্যবসায়িক লেনদেন বন্ধ ছিল। এই ব্যবসার সঙ্গে যে সমস্ত পরিবহণ ব্যবস্থা রয়েছে, সেটাও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সেই ক্ষতির পরিমান ১৫০০ কোটি টাকা। যে সমস্ত খুচরো, পাইকারী ব্যবসায়ীরা রয়েছেন, তাঁদেরও ক্ষতির মুখে পড়তে হয়েছে। তাঁদের প্রায় ৮ হাজার কোটির বেশি ক্ষতি হয়েছে।
শুধু তাই নয়, এই সময় এই সব এলাকায় হোটেল, রেস্টুরেন্টেও প্রচুর লোকের আনাগোনা হয়ে থাকে। এখানে প্রায় ২ হাজারের মতো হোটেল রয়েছে। সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের প্রায় ৫০০ কোটির মতো ক্ষতি হয়েছে। ছোট ছোট ব্যবসায়ীরা এই ক্ষতির জন্য বিরোধীদের কাঠগড়ায় তুললেও পালটা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, তাঁরা সমাবেশে আগতদের বলে রেখেছিলেন যাতে সমাবেশস্থলে আসার সময় তাঁরা যাতে কিছু কেনেন। কিন্তু দিল্লি সরকার জোর করে ব্যবসায়ীদের দোকান বন্ধ করে রেখেছিল। ব্যবসায়ীরা অসুবিধায় পড়ার জন্য বিজেপি সরকারই দায়ী বলে অভিযোগ করেছেন রাহুল।


