Jafar Ali Mondal
আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেফতারের পর তৃণমূল নেতার বাড়ি থেকেই উদ্ধার ৫০০ টাকার জাল নোট!

আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেফতারের পর তৃণমূল নেতার বাড়ি থেকেই উদ্ধার ৫০০ টাকার জাল নোট!

Bengal Liberty : আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেফতারের পর এবার জাল নোট উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল বনগাঁয়। বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা জাফর আলি মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে ২১ হাজার টাকার জাল ভারতীয় নোট উদ্ধার করল বনগাঁ থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৫০০ টাকার মোট ৪২টি জাল নোট।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাফর আলি মণ্ডল ওরফে জাফর আলি (৫২) আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেফতার হওয়ার পর বর্তমানে বনগাঁ থানার পুলিশ হেফাজতে রয়েছেন। বনগাঁ থানার ৬৫৩ নম্বর মামলায় গত ১৩ অগস্ট অস্ত্র আইনের ২৫(১)(এ) ধারায় তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সেই জেরাতেই তিনি জানান, রামকৃষ্ণপল্লিতে তাঁর বাড়িতে ৫০০ টাকার ৪২টি জাল ভারতীয় নোট লুকিয়ে রাখা রয়েছে।

এরপর ধৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ধৃতের দেখানো জায়গা থেকেই উদ্ধার হয় ৫০০ টাকার ৪২টি জাল নোট। যার মোট মূল্য ২১ হাজার টাকা।

আগ্নেয়াস্ত্র মামলার তদন্ত করতে গিয়ে জাল নোট উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই জাল নোট কোথা থেকে আনা হয়েছিল, এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না এবং এই কারবারের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে বনগাঁ থানার পুলিশ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।