তিন কর্তাকে চিঠি কংগ্রেসের
তিন কর্তাকে চিঠি কংগ্রেসের

কলকাতা পুরভোটের আগে ওয়ার্ডের সীমানা ও বুথ বিন্যাস নিয়ে প্রশ্ন, CEO-সহ তিন কর্তাকে চিঠি কংগ্রেসের

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় চিঠিতে জানিয়েছেন, দলের সভাপতি শুভঙ্কর সরকারের তরফে এই বিষয়গুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে। চিঠিতে অভিযোগ করা হয়েছে, কলকাতা পুরসভার ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়ায় আপত্তি জানানোর পর শুনানির জন্য ডাকা হয়েছিল কংগ্রেস প্রতিনিধিদের। কিন্তু সেই শুনানিতে ভুল মানচিত্র ব্যবহার করা হয়। এত গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় কেন ত্রুটিপূর্ণ মানচিত্র ব্যবহার করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের দাবি, এই ধরনের পদক্ষেপে গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে।

এ ছাড়াও, বুথ সংক্রান্ত শুনানি এবং খসড়া ভোটার তালিকা তৈরির জন্য আধিকারিকদের কাছে নতুন মানচিত্র পাঠানো হয়েছে বলে অভিযোগ। অথচ ২২ অগস্ট কলকাতা পুরসভার প্রকাশিত মানচিত্রে বুথের যে বিন্যাস দেখানো হয়েছিল, তার সঙ্গে পরবর্তী মানচিত্রের অমিল রয়েছে। বিষয়টি কংগ্রেসকে জানানো হয়নি বলেও অভিযোগ। ফলে আপিল করার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে বলে দাবি দলের।

চিঠিতে ওয়ার্ডের সীমানা নির্ধারণে ত্রুটি সংশোধন এবং মানচিত্রের প্রয়োজনীয় পরিমার্জনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, কংগ্রেসের তরফে আগে জমা দেওয়া আপত্তিগুলির কী নিষ্পত্তি হয়েছে, তা সংশোধিত নথি-সহ জানানোর আবেদন করা হয়েছে। ২২ অগস্ট ও ১১ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বুথের সংখ্যার যে পার্থক্য রয়েছে, তা নিয়েও নতুন বিজ্ঞপ্তি জারির দাবি জানিয়েছে কংগ্রেস। পুরভোটের আগে এই অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

Bengal Liberty