হুমায়ুন কবীর
হুমায়ুন কবীর

‘বাবরের নাম থাকলে মিলবে না অনুমতি’, শুভেন্দুর কড়া বার্তার পরই অবস্থান বদল হুমায়ুনের, মানলেন প্রশাসনিক প্রধানের ইচ্ছা

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন দল গঠন করেন হুমায়ুন কবীর। দল ঘোষণার পর থেকেই একাধিক বিতর্কিত মন্তব্য করেন তিনি। মুর্শিদাবাদে একটি ‘বাবরি মসজিদ’ নির্মাণের কথাও ঘোষণা করেন হুমায়ুন। তা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে যায়। বেলডাঙায় মসজিদ নির্মাণের প্রাথমিক কাজও শুরু হয় বলে দাবি।

গত ২ নভেম্বর বেলডাঙার সংশ্লিষ্ট প্রাঙ্গণে আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত এক সভায় হুমায়ুন হুঁশিয়ারি দিয়ে দাবি করেছিলেন, আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির দিনে তিনি জাতীয় সড়ক অবরোধ করবেন। প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছিলেন, শক্তি থাকলে যেন তা আটকে দেখানো হয়।

হুমায়ুনের এই মন্তব্যের পরই সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার এক প্রশাসনিক পর্যালোচনা সভায় তিনি স্পষ্ট জানান, মুর্শিদাবাদে বহু কৃতী ও গুণী মানুষ রয়েছেন। তাঁদের নামে যা খুশি তৈরি করা যেতে পারে। কিন্তু সেখানে ‘বাবর’ নামটি যুক্ত থাকলে কোনওভাবেই প্ল্যান পাস হবে না এবং প্রশাসনিক অনুমতিও মিলবে না। এই বিষয়ে জেলাশাসককে (ডিএম) পরিষ্কার নির্দেশ দেওয়া রয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর ওই কড়া বার্তার পর বৃহস্পতিবার সকালেই সুর নরম করেন নওদার বিধায়ক। হুমায়ুন বলেন, “উনি রাজ্যের প্রশাসনিক প্রধান। উনি যদি এই প্রকল্পের সঙ্গে ‘বাবরি’ নাম না চান, তবে তাঁর ইচ্ছাকে মান্যতা দেওয়া ছাড়া উপায় নেই।”

হুমায়ুনের অবস্থান বদল নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “বাবরি মসজিদ তো হবেই না। উনি দিনে এক কথা বলেন, আর রাতে অন্য কথা বলেন। পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।” একই সঙ্গে তাঁর কটাক্ষ, বিভিন্ন সময়ে হুমায়ুন বিভিন্ন কথা বলেন। ফলে তাঁর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেওয়ারও কোনও মূল্য নেই।

Bengal Liberty