soumitra khan
Bengal Liberty Desk, ১৮ ডিসেম্বর, কলকাতা: বর্তমানে বিষ্ণুপুরের দু’বারের বিজেপি সাংসদ (BJP MP) তিনি। জন্মবাঁকুড়ার (Bankura) গঙ্গাজলঘাঁটির দুর্লভপুরে। সেখান থেকে বড় হয়ে ওঠা। সেই এলাকাতেই নাকি মাটির নিচে রয়েছে তাল তাল সোনা। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সমীক্ষায় মিলেছে তেমনই ইঙ্গিত। যা দেখে গর্বিত সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।গতকাল, বুধবার নিজেই জানালেন সেই কথা।
সামাজিক মাধ্যমে সৌমিত্র লেখেন,(Saumitra Khan)
“আমার জন্মভূমি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ছোট্ট গ্রাম দুর্লভপুর। শুধু বড় নেতা হলেও হয় না নিজের ব্লকে, নিজের গ্রামে কি আছে সেটাও সার্ভে করে জেনে নিতে হয়। আমি অনেকদিন আগে এটা সার্ভে করার জন্য দিয়েছিলাম আজ তার সাধ পেলাম। আজ সত্যিই গর্বে বুকটা ভরে যাচ্ছে।”এর পরই সৌমিত্র জানান, “কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে আমাদের এই দুর্লভপুর গ্রামে সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।”
আবেগঘন মুহুর্তে সাংসদ (Saumitra Khan) লেখেন, “ভাবতেই অবাক লাগে! যে গ্রামে আমার শৈশব, স্মৃতি আর শিকড় – সেই গ্রাম আজ দেশের মানচিত্রে সম্ভাবনার নতুন আলো হয়ে উঠছে। ছোট্ট, শান্ত, মাটির গন্ধমাখা এই দুর্লভপুর আজ প্রমাণ করে দিল- গ্রামের পরিচয় শুধু সাধারণতায় সীমাবদ্ধ নয়, এখানেও লুকিয়ে থাকে অমূল্য সম্পদ, অপার সম্ভাবনা ও গৌরবের ইতিহাস।”
তাঁর কথায়, “আমি গভীরভাবে বিশ্বাস করি- এ সবই মা সারদা ও বাবা ষাঁড়েশ্বরের আশীর্বাদ। তাঁদের কৃপায় আমার জন্মভূমি আজ সম্মানের আসনে, জাতীয় স্তরে স্বীকৃতির পথে। দুর্লভপুর শুধু আমার গ্রাম নয়, এ আমার অহংকার, আমার শিকড়, আমার আত্মপরিচয়। গর্ব হয় দুর্লভপুরের সন্তান হয়ে। গর্ব হয় গঙ্গাজলঘাটি ব্লকের মানুষ হয়ে। গর্ব হয় বাঁকুড়া জেলায় সন্তান হয়ে।”
