এখনই ঘোষণা করা যাবে না কলকাতা পুরসভার ভোট। ভোটের নির্ঘণ্ট প্রকাশের উপর অনির্দিষ্ট কালের জন্য স্থগিতাদেশ দিল আদালত। কলকাতা পুরসভার ওয়ার্ডবিন্যাসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ মামলায় রায় হাই কোর্টের। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের রায়, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। অন্য দিকে, সিঙ্গল বেঞ্চে ওই মামলার শুনানি চার সপ্তাহ পরে হওয়ার কথা।
কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রাজ্যের নেওয়া ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেন সিপিএম নেতা দীপু দাস। তাঁর বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনসংখ্যার পরিবর্তে ভোটার তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপি যাতে রাজনৈতিক সুবিধা পায়, সেই কারণেই এমন সিদ্ধান্ত। এমনকি ওই পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়াটি আইন মেনে করা হয়নি। পুরসভার কমিশনারের ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য সুপারিশ করার বৈধ ক্ষমতা নেই। এমতাবস্থায় ভোট ঘোষণার আগে রাজ্যের জারি করা ওয়ার্ডবিন্যাসের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ চায় সিপিএম। ওই আবেদনে নাকচ করে গত সপ্তাহে হাই কোর্ট জানায়, ওয়ার্ডের খসড়া প্রকাশের সময় মামলাকারী কোনও আপত্তি জানাননি। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দিতে রাজি হয়নি। সব পক্ষের কাছে হলফনামা চেয়েছে আদালত। সিঙ্গল বেঞ্চ জানায়, তিন সপ্তাহের মধ্যে হলফনামা দেবে রাজ্য। তার পাল্টা হলফনামা এক সপ্তাহের মধ্যে দেবেন মামলাকারীরা। চার সপ্তাহ পরে মামলাটি শুনানির জন্য দৃষ্টি আকর্ষণ করা যাবে।
আরও খবর
গত সোমবার সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। তাঁর আশঙ্কা, যে কোনও দিন কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই মামলার কোনও গুরুত্ব থাকবে না। বুধবার বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। সেখানেই দু’দিনের জন্য ভোট ঘোষণার উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি হল। শুক্রবার আদালত রায় ঘোষণা করল।


