High Court Denies Immediate Bail to Abhishek Banerjee's Aide Sumit Roy
High Court Denies Immediate Bail to Abhishek Banerjee's Aide Sumit Roy

এখনই জামিন নয় অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে, জানাল হাই কোর্ট

এখনই জামিন পাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। তাঁর জামিনের আবেদনে সাড়া দিল না আদালত। শুক্রবার বিচারপতি অরিন্দম মুখ্যাপধায়ের অবকাশকালীন বেঞ্চ জানায়, এখনই তিনি জামিনের আবেদন মঞ্জুর করছেন না। পুজোর ছুটির পরে আদালত খুললে মামলাটি নিয়মিত বেঞ্চে শুনানি হবে।

পশ্চিম মেদিনীপুরের শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিতের আগাম জামিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তার পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। এখন তিনি জেল হেফাজতে রয়েছেন। পুলিশের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুমিত জামিনের আবেদন করেন। শুক্রবার ওই মামলার শুনানি ছিল। সেখানে অভিষেকের আপ্তসহায়কের আইনজীবী কিশোর দত্তের সওয়াল, রাজনৈতিক কারণে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। প্রায় পাঁচ বছরের একটি পুরানো অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে। অন্য দিকে, রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারের বক্তব্য, তদন্ত এখন প্রাথমিক অবস্থায় রয়েছে। তদন্তের আরও অনেক দিক উঠে আসছে। অভিযুক্ত এখনই জামিন পেলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে।

দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি মুখোপাধ্যায় জানান, আদালত এই মামলায় এখনই করতে চায় না। পুজোর ছুটির পরে আগামী ১৬ নভেম্বর হাই কোর্ট খুললে শুনানি হবে। আদালতের ওই অবস্থানের পরে স্পষ্ট, আপাতত জেলেই থাকতে হচ্ছে সুমিতকে।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।