সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

‘তৃণমূলের সঙ্গে কোনও জোট সম্ভব নয়’ : বার্তা মহম্মদ সেলিমের

তিনি সাফ জানিয়েছেন, “চুরির পাপস্খলন না করে কোনো জোট নয়”। তিনি তৃণমূলের সমালোচনা করে বলেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল আজ নানা ভাগে বিভক্ত এবং তাদের বিরুদ্ধে ভোট চুরির ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর মন্তব্য, যাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে, তাঁদের আগে সেই অভিযোগের দায় স্বীকার করে অবস্থান স্পষ্ট করতে হবে। তারপরই বৃহত্তর ঐক্যের প্রশ্ন।
বৃহস্পতিবার ধর্মতলায় এসআইআর বাতিল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পদক্ষেপ এবং বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের দাবিতে সমাবেশ করে বামপন্থী দলগুলি। তাঁর অভিযোগ, মন্দির-মসজিদ ও ধর্মের রাজনীতিকে সামনে রেখে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। ভোটাধিকার কেড়ে নেওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও দাবি করেন তিনি। বক্তব্য পেশ করতে গিয়ে সেলিম স্পষ্ট করে দেন, বিজেপি বিরোধী ঐক্য গড়তে হবে ঠিকই, কিন্তু সেই ঐক্যের নামে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন এড়িয়ে যাওয়া যাবে না।

তিনি জানান যে নির্বাচন কমিশনসহ বিভিন্ন ইস্যুতে অন্য দলগুলোকে চিঠি দেওয়া হলেও, বামেদের লড়াই ও অবস্থান সম্পূর্ণ আলাদা এবং তারা তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছে। তাঁর আরও বক্তব্য, ঐক্য গড়ে তোলার পাশাপাশি তাকে আরও বিস্তৃত করতে হবে, যাতে কোনও ফাঁকফোকর না থাকে। কারণ, প্রতিপক্ষ সেই ফাঁক কাজে লাগানোর চেষ্টা করবে বলে মনে করেন সেলিম। উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছিলেন যে পরিস্থিতি যাই তৈরি হোক না কেন, তৃণমূলের সঙ্গে কোনো ‘পোস্ট-পোল’ জোট হবে না।

Bengal Liberty