Bengal Liberty: দীর্ঘ অপেক্ষার অবসান! স্কুলের নন-টিচিং স্টাফ নিয়োগ প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ২০২৫ সালের প্রথম SLST নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ ডি পদের প্রাথমিক ইন্টারভিউ তালিকা প্রকাশ করল এসএসসি। বৃহস্পতিবার কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই তালিকা। সংশোধিত শূন্যপদের ভিত্তিতেই তৈরি করা হয়েছে প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা। ফলে দীর্ঘ দিন ধরে ফলের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রুপ ডি পদে শূন্যপদ রয়েছে ৫,৪৮৮টি। অন্য দিকে, গ্রুপ সি পদে শূন্যপদ রয়েছে ২,৯৮৯টি। দুই বিভাগ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৮,৪৭৭। অথচ পরীক্ষায় বসেছিলেন ১৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।
উল্লেখ্য, ২০২৫ সালের প্রথম SLST নন-টিচিং স্টাফ নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য চলতি বছরের মার্চ মাসে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। কমিশনের তথ্য অনুযায়ী, ১ মার্চ গ্রুপ ডি পদের পরীক্ষা হয়। অন্য দিকে, ৮ মার্চ অনুষ্ঠিত হয় গ্রুপ সি পদের পরীক্ষা। তবে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ফল প্রকাশের প্রক্রিয়া পিছিয়ে যায়। প্রায় আট মাসের অপেক্ষার পর এবার নিয়োগের পরবর্তী ধাপের দিকে এগোল কমিশন।
আরও খবর
এখন তালিকায় নাম থাকা প্রার্থীদের মূল নথি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র-সহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। পাশাপাশি নেওয়া হবে ইন্টারভিউ। তবে কবে থেকে নথি যাচাই এবং ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, সেই বিষয়ে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানায়নি কমিশন। পরবর্তী বিস্তারিত সূচি প্রকাশ করা হবে এসএসসির সরকারি ওয়েবসাইটে। তাই প্রার্থীদের নিয়মিত কমিশনের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


