Jisnu Basu
দুর্গাপুজোয় বামেদের বই বিক্রি নিয়ে খোঁচা আরএসএসের

দুর্গাপুজোয় বামেদের বই বিক্রি নিয়ে খোঁচা আরএসএসের

Bengal Liberty : দুর্গাপুজোর সময় বামেদের বুক স্টল দেওয়া নিয়ে ফের খোঁচা দিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস। আগামী ১৫ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে বই বিক্রি করার কর্মসূচি শুরু করছে সিপিএম। এই আবহে বামেদের পাল্টা খোঁচা দিতে ছাড়ল না আরএসএস নেতৃত্ব।

নভেম্বর বিপ্লব বার্ষিকীর প্রসঙ্গ টেনে রাজ্য আরএসএস নেতৃত্বের শীর্ষ পদাধিকারী জিঞ্চু বসু বলেন, ‘নভেম্বর বিপ্লবের দিন বামেদের স্টল দেওয়া উচিত। কিন্তু ওরা নিজেরাও জানে ওদের মতাদর্শ কেউ মানে না। তাই যে ধর্মকে এতদিন ওরা আফিম বলত, সেই ধর্ম অর্থাৎ দুর্গাপূজার সময় ওদের বুক স্টল দিতে হয়।’

রাজ্য আরএসএসের শীর্ষ নেতা যখন এই বক্তব্য রাখছেন তখন বামেরা নভেম্বর বিপ্লবকে কেন্দ্র করে নিজেদের জনসংযোগ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছে। বাড়ি বাড়ি গিয়ে যে ৩৭ রকমের বই বিক্রির পরিকল্পনা করছে বামেরা, তাতে একদিকে যেমন স্বামী বিবেকানন্দ, শ্রীচৈতন্যদেবের বই রয়েছে, তেমনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, হরকিষাণ সিং সুরজিৎ ও সীতারাম ইয়েচুরির বইও রয়েছে। আরএসএস যতই সিপিএমকে এই বিষয়ে খোঁচা দিক না কেন সিপিএমের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী র মতে, রাজ্যের শাসকদল বিজেপি আসলে প্রতিবাদকে ভয় পাচ্ছে।

বইকে ভয় পাচ্ছে। বুক স্টল ভাঙতে চেয়েছে। ওরা ভেবেছিল ওদের চোখরাঙানিতে মানুষ ভয় পাবে, কিন্তু পায়নি। শারদোৎসব তা প্রমাণ করেছে। সবমিলিয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে বামেদের বই বিক্রির যে বিতর্ক শুরু হয়েছে তা এখনও বিদ্যমান। রাজনৈতিক মহলের মতে, এই বিতর্ককে জিইয়ে রাখতে চায় বলেই বামেরা বইকে হাতিয়ার করে জনসংযোগে নামছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।