Bengal Liberty : দিল্লি দূষণ নিয়ে আপ সরকারের সঙ্গে দিল্লি সরকারের পারস্পরিক দোষারোপের মাত্রা বেড়েই চলেছে। দিল্লি সরকার এখন বিজেপির দখলে। আর পাঞ্জাব সরকার অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির অধীনে। সম্প্রতি দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় সেখানকার দিল্লি সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। পালটা দিল্লিতে দূষণের জন্য পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের লোকজনকেই দায়ী করেছেন দিল্লি সরকারের মন্ত্রী কপিল মিশ্র।
সম্প্রতি আপ নেতা সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেন, দিল্লিতে বাতাসে দূষণের গুণগত মান যা দেখানো হচ্ছে তার থেকে অনেক বেশি দূষণ হয়েছে। পরিসংখ্যানে দূষণের মাত্রা কম করে দেখাচ্ছে সরকার। সৌরভের সেই অভিযোগের কয়েক ঘণ্টার পর সোমবার আম আদমি পার্টির ওপরই পালটা সরব হলেন মন্ত্রী কপিল মিশ্র। তাঁর অভিযোগ, অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যুক্ত লোকেরা ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের বিভিন্ন ক্ষেতে আগুন লাগিয়ে দিচ্ছে যাতে দিল্লিতে দূষণ ছড়িয়ে পড়ে। এই বিষয়ে আপ নেতাদের বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন দিল্লি সরকারের মন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন, পাঞ্জাবের অনেক কৃষকরা ফোন করে তাঁকে অভিযোগ করেছে।
এছাড়া দিল্লি সরকারের একাধিক জন প্রতিনিধিও তাঁকে অভিযোগ জানিয়ে বলেছে, রাতে পরিকল্পিতভাবে ক্ষেতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। দিল্লির মন্ত্রীর অভিযোগ, স্যালেটাইট ডেটায় দেখা গিয়েছে গত ৭ নভেম্বর দিল্লির প্রায় ১২৫টি ক্ষেতে খড়কুটোয় আগুন লাগানো হয়েছে। দীপাবলির রাতে সেই সংখ্যা ১২০০টিতে গিয়ে পৌঁছেছে। তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে গোটা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। এই প্রসঙ্গে তাঁর অভিযোগ, যেভাবে রাতে অন্ধকারে ক্ষেতে আগুন ধরানো হচ্ছে তা কৃষক ও দিল্লি সাধারণ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। দিল্লির মন্ত্রীর এই অভিযোগের পর পাঞ্জাব সরকারের তরফে কোন পদক্ষেপ নেওয়া হয় কিনা এখন সেটাই দেখার।


