প্রয়াত বেয়ারফুট কলেজের প্রতিষ্ঠাতা বঙ্কর রায়, ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ
প্রয়াত বেয়ারফুট কলেজের প্রতিষ্ঠাতা বঙ্কর রায়, ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ

প্রয়াত বেয়ারফুট কলেজের প্রতিষ্ঠাতা বঙ্কর রায়, ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ

Bengal Liberty : প্রয়াত বিশিষ্ট সমাজকর্মী তথা বেয়ারফুট কলেজের প্রতিষ্ঠাতা সঞ্জিত ‘বঙ্কর’ রায়। মঙ্গলবার সকালে রাজস্থানের আজমের জেলার তিলোনিয়ায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়াণে সমাজকর্মী ও গ্রামীণ উন্নয়নের সঙ্গে যুক্ত মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বঙ্কর রায়। সেই সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী তথা বিশিষ্ট সমাজকর্মী অরুণা রায় এবং পরিবারের অন্যান্য ঘনিষ্ঠজনেরা। মঙ্গলবার বিকেল ৪টের সময় রাজস্থানের তিলোনিয়াতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

১৯৪৫ সালে পশ্চিমবঙ্গের বার্নপুরে এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন সঞ্জিত রায়। দুন স্কুল এবং দিল্লির সেন্ট স্টিফেনস কলেজে পড়াশোনা করেন তিনি। একসময় জাতীয় স্তরের স্কোয়াশ চ্যাম্পিয়নও ছিলেন। তবে ১৯৬৬ সালে বিহারের দুর্ভিক্ষপীড়িত অঞ্চলে কাজ করতে গিয়ে তাঁর জীবনের মোড় ঘুরে যায়। গ্রামীণ মানুষের জীবনযাত্রা এবং তাঁদের সমস্যার সঙ্গে পরিচিত হওয়ার পরই সমাজসেবায় নিজেকে নিয়োজিত করার সিদ্ধান্ত নেন তিনি।

১৯৭২ সালে রাজস্থানের তিলোনিয়ায় প্রতিষ্ঠা করেন সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড রিসার্চ সেন্টার, যা পরবর্তীকালে বেয়ারফুট কলেজ নামে আন্তর্জাতিক পরিচিতি লাভ করে। গ্রামীণ মানুষের স্বনির্ভরতা, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল এবং সৌরবিদ্যুতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রতিষ্ঠান।

বিশেষ করে গ্রামের অশিক্ষিত ও স্বল্পশিক্ষিত মহিলাদের সৌরবিদ্যুৎ প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছিল। প্রশিক্ষণ শেষে ওই মহিলারা নিজেদের গ্রামে ফিরে সৌরবিদ্যুতের ব্যবস্থা তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতেন। তাঁদের পরিচিতি ছিল ‘সোলার মামা’ নামে।

গ্রামীণ উন্নয়ন এবং সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন বঙ্কর রায়। এছাড়াও ২০১০ সালে বিখ্যাত টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি।

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর, প্রাক্তন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। গ্রামীণ মানুষের ক্ষমতায়ন এবং মহিলাদের স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।