Bengal Liberty : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে বেশ কয়েকটি কালীপুজোর আয়োজন করা হয়। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার সন্ধ্যায় সেই পুজোগুলি দেখতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন সূত্রে খবর, সংশ্লিষ্ট পুজো কমিটিগুলির তরফে মুখ্যমন্ত্রীকে পুজো দেখতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। মূলত তাঁদের আমন্ত্রণে সাড়া দিয়েই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যাবেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদ্যাপনকে কেন্দ্র করে গত ৬ ও ৭ নভেম্বর রাতে এলাকায় যে অশান্তির ঘটনা ঘটেছিল, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কালীঘাটের পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা। পুজোর সামগ্রী বিক্রেতারাও ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ। এই মর্মে মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারীর দফতরে অভিযোগ জমা পড়েছে।
অভিযোগ পাওয়ার পরেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে দেখা করার উদ্যোগ শুরু করেছেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় কালীঘাটের পটুয়াপাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন তিনি। পাশাপাশি তাঁদের হাতে ক্ষতিপূরণের অর্থও তুলে দেবেন। প্রশাসন সূত্রে খবর, ওই দিনের ঘটনায় তাঁরা কী ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়েও বিস্তারিত জানতে চাইবেন শুভেন্দু। মনে করা হচ্ছে, এর পর এই বিষয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলতে পারেন তিনি।
আরও খবর
উল্লেখ্য, ওই দিনের অশান্তির ঘটনায় তৃণমূল নেতা শ্রীদীপ দাস, মহম্মদ তৌকির আলম এবং মহম্মদ এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


