মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
“বুদ্ধবাবু ভালো ছিলেন, দলটা ভালো ছিল না”, নন্দীগ্রাম দিবসে বাম-তৃণমূলকে একযোগে নিশানা শুভেন্দুর

“বুদ্ধবাবু ভালো ছিলেন, দলটা ভালো ছিল না”, নন্দীগ্রাম দিবসে বাম-তৃণমূলকে একযোগে নিশানা শুভেন্দুর

Bengal Liberty : “ব্যক্তি বুদ্ধবাবু ভালো ছিলেন, কিন্তু ওঁদের দলটা ভালো ছিল না।” নন্দীগ্রাম দিবসে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে এমনই মন্তব্য করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার, ১০ নভেম্বর নন্দীগ্রামের গোকুলনগরে শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিন শহিদ বেদির রং বদলে গেরুয়া করা হয়েছে। সেই বেদিতেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মুখ্যমন্ত্রী। এরপর বক্তব্য রাখতে গিয়ে ২০০৭ সালের নন্দীগ্রামের রক্তাক্ত ইতিহাস স্মরণ করার পাশাপাশি তৎকালীন বাম সরকার এবং পরবর্তী তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, বামেদের নৃশংসতার পর ক্ষমতায় এসেও শহিদ পরিবারগুলির প্রতি সুবিচার করেনি তৃণমূল সরকার। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে দুই রাজনৈতিক দলের ভূমিকা নিয়েই এদিন সরব হন শুভেন্দু।

উল্লেখ্য, ২০০৭ সালের ১০ নভেম্বর তৎকালীন বাম সরকারের ‘অপারেশন সূর্যোদয়’-এর পর নন্দীগ্রামবাসী সাক্ষী থেকেছেন দু’বার রাজনৈতিক পালাবদলের। সেই সময়ের রক্তাক্ত ঘটনার অভিঘাতেই ২০১১ সালে রাজ্যে বামফ্রন্ট সরকারের দীর্ঘ শাসনের অবসান হয়েছিল বলে দাবি রাজনৈতিক মহলের। ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর ২০২৬ সালে ফের বদলেছে রাজ্যের রাজনৈতিক সমীকরণ। বাংলার শাসনভার এখন বিজেপির হাতে। মুখ্যমন্ত্রীর দায়িত্বে শুভেন্দু অধিকারী। যিনি একসময় নন্দীগ্রামে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন। রাজনৈতিক পালাবদলের পর সেই শুভেন্দুর নিশানাতেই এখন মমতা এবং তাঁর দল।

এদিন ২০০৭ সালের ঘটনার ভয়াবহতা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “১১ জনকে ধরে নিয়ে গিয়েছিল সিপিএমের পার্টি অফিসে। ওদের টুকরো করে কেটে একটা প্লাস্টিকে ঢুকিয়ে একেবারে মাঝসাগরে গিয়ে ফেলে দিয়েছিল। একজনেরও দেহ খুঁজে পাওয়া যায়নি। এতটা নৃশংস ছিল সেই সরকারটা।”

এরপর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও বাম নেতা বিমান বসুর মন্তব্যের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “অপারেশন সূর্যোদয়ের সময়ে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ‘দে হ্যাভ বিন পেড বাই দেয়ার ওন কয়েনস।’ বিমান বসু বলেছিলেন, ‘নতুন সূর্য উঠল নন্দীগ্রামে।’ ব্যক্তি বুদ্ধবাবু ভালোই ছিলেন। আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন। কিন্তু ওঁদের দলটা ভালো না।”

অন্যদিকে, তৃণমূল সরকারের বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ক্ষমতায় আসার আগে একাধিক প্রতিশ্রুতি দিলেও গত ১৫ বছরে নন্দীগ্রামের শহিদ পরিবারগুলির জন্য যথাযথ পদক্ষেপ করেনি তৃণমূল। এমনকী মৃতদের ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। নন্দীগ্রামবাসীর উদ্দেশে শুভেন্দুর বার্তা, “আমি আপনাদের পাশে সেদিনও ছিলাম, আজও আছি। আমি আমার সংকল্পে অটুট। কিন্তু চোর তৃণমূলকে পাবেন না আর। আগামী ১০০ বছর ওদের নাম-নিশান থাকবে না।”

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।