Bengal Liberty : এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (Special Intensive Revision) প্রয়োজনীয় সংশোধনের কাজ সম্পূর্ণ হওয়ার পরেও বহু ভোটারের হাতে পৌঁছয়নি সংশোধিত এপিক (EPIC) বা ভোটার পরিচয়পত্র। এই ঘটনায় নির্বাচন কমিশনের প্রশাসনিক ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। বুধবার, ১১ নভেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে অবিলম্বে হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানালেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে আশুতোষবাবু জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় যেসব ভোটার নির্ধারিত নিয়ম মেনে নিজেদের পরিচয়পত্রের সংশোধন করিয়েছেন, তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল যে সংশোধিত ভোটার কার্ড নথিভুক্ত ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও বহু ভোটার এখনও তাঁদের সংশোধিত এপিক কার্ড হাতে পাননি। ফলে এই বিলম্বের জন্য কারা দায়ী, তা নিয়ে প্রশ্ন উঠছে।
চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, জেলা নির্বাচন দফতরের তরফে এই বিলম্বের জন্য ইন্ডিয়া পোস্ট বা ডাক বিভাগকে দায়ী করা হচ্ছে। ডাক বিভাগ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হলেও সংশোধিত ভোটার পরিচয়পত্র যাতে প্রত্যেক যোগ্য ভোটারের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশন এড়িয়ে যেতে পারে না। কেবল ডাক বিভাগের দিকে দায় ঠেলে দিলেই প্রশাসনিক দায়বদ্ধতা শেষ হয়ে যায় না বলেও চিঠিতে উল্লেখ করেছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক।
আরও খবর
এই সমস্যার সমাধানে একাধিক পদক্ষেপের দাবি জানিয়েছে কংগ্রেস। প্রতিটি ওয়ার্ড ও বিধানসভা কেন্দ্রভিত্তিক কতগুলি ভোটার কার্ড এখনও বিলি হয়নি, বুথভিত্তিক সেই বিস্তারিত তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি কার্ডের পাঠানোর তারিখ এবং ট্র্যাকিং সংক্রান্ত তথ্য প্রকাশ, বিলম্বের কারণ ব্যাখ্যা এবং অবিলম্বে দায় নির্ধারণের কথাও বলা হয়েছে।
এছাড়াও যাঁদের কাছে এখনও ভোটার কার্ড পৌঁছয়নি, তাঁদের জন্য বিকল্প বিলি ব্যবস্থার উদ্যোগ এবং সমস্ত বকেয়া কার্ড নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানিয়েছে কংগ্রেস।
আশুতোষবাবুর বক্তব্য, ভোটারদের পরিচয়পত্র পাওয়ার ক্ষেত্রে এই ধরনের অনিশ্চয়তা দূর করতে নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ জরুরি। এখন দেখার, প্রদেশ কংগ্রেসের এই চিঠির পরিপ্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কী পদক্ষেপ করে।


