Bengal Liberty : এ বার শুভেন্দু অধিকারীর বন্দনায় ফেসবুক পোস্ট করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। মঙ্গলবার সন্ধ্যায় মমতার ভাই বাবুনের ক্লাবের কালীপুজোয় যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার পরেই বুধবার বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল করেন মমতা। রাজনৈতিক জল্পনায় নতুন মাত্রা যোগ করে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে দীর্ঘ একটি লেখা ও ছবি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন বাবুন। তাৎপর্যপূর্ণভাবে, ওই পোস্টে দিদি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম একবারের জন্যও উল্লেখ করেননি তাঁর ছোট ভাই।
বাবুনের ক্লাবের পুজোয় শুভেন্দু
মঙ্গলবার সন্ধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে স্বাগত জানাতে ফুল হাতে অপেক্ষা করছিলেন স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নামতেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বাবুন। এরপর সোজা বাবুনের ক্লাবের কালীপুজোয় যান শুভেন্দু। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। তবে দু’জনের মধ্যে কোনও রাজনৈতিক আলোচনা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে হেঁটেই একাধিক পুজোমণ্ডপ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পরে কালীঘাট রোডে গিয়ে মৃৎশিল্পী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ৮০ জন মৃৎশিল্পীকে আর্থিক সাহায্যও করেন তিনি।
শুভেন্দু জানিয়েছেন, ভবানীপুরে তাঁর বিধানসভা কেন্দ্রের একাধিক কালীপুজোয় আমন্ত্রণ পেয়েছেন তিনি। তবে সেই আমন্ত্রণের তালিকায় বাবুনের ক্লাবের পুজো ছিল কি না, সে বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি মুখ্যমন্ত্রী। ফলে এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক বার্তা, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
আরও খবর
কে এই বাবুন?
বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন বাবুন। কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার কথাও ঘোষণা করেছিলেন। যদিও শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এর পর থেকেই দিদি-ভাইয়ের সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। মমতা প্রকাশ্যেই জানিয়েছিলেন, বাবুনের সঙ্গে তাঁর এবং পরিবারের সম্পর্ক ছিন্ন হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে হকি বেঙ্গলের সভাপতির পদ থেকেও সরানো হয় বাবুনকে। ২০১২ সাল থেকে ওই পদে ছিলেন তিনি।
বিজেপিতে যোগ দেবেন বাবুন?
মমতার সঙ্গে দূরত্ব বাড়ার পর থেকেই বাবুনের বিজেপিতে যোগদানের জল্পনা ছড়িয়েছিল। কিন্তু তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন। এমনকী, বাবুনকে বিজেপিতে নেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছিলেন তিনি। মমতা ও তাঁর ভাইয়ের ব্যক্তিগত বিবাদে বিজেপিকে না জড়ানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন শুভেন্দু। কিন্তু ২০২৬ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি অনেকটাই বদলেছে। তৃণমূলের একাধিক নেতা দলবদল করেছেন। রাজনৈতিক শিবিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এমন পরিস্থিতিতে একসময় যাঁর জন্য বিজেপির দরজা বন্ধ বলে ঘোষণা করেছিলেন শুভেন্দু, সেই বাবুনের ক্লাবের পুজোয় মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিঃসন্দেহে নতুন করে রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।


