আদিবাসী অধ্যুষিত কুলি গ্রামকে মডেল হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের
আদিবাসী অধ্যুষিত কুলি গ্রামকে মডেল হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের

আদিবাসী অধ্যুষিত কুলি গ্রামকে মডেল হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের

Bengal Liberty : খড়গপুর মহকুমার নারায়ণগড় ব্লকের বেলদা ২ গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত কুলি গ্রাম। জেলা প্রশাসনের সক্রিয় সহযোগিতায় এবারে গোটা গ্রামের খোলনলচে পালটে ফেলার প্রস্তুতি শুরু হয়েছে। নারায়ণগড় ব্লকের বেলদা ২ গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত এই গ্রামটিকে একটি মডেল গ্রাম হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কালীপুজোর আবহে গ্রামের অলিগলি ঘুরে বাসিন্দাদের মৌলিক চাহিদা ও বাস্তব সমস্যার কথা সরাসরি শুনে এসেছেন বেলদা ২ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান গৌরীশঙ্কর অধিকারী। তিনি জানালেন, কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা’ বা আদর্শ গ্রাম প্রকল্পের আওতায় পিছিয়ে থাকা কুলি গ্রামের ভোল বদলে ফেলার সামগ্রিক পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

তিনি আরও জানালেন, পিছিয়ে পড়া এই জনপদের পরিকাঠামোগত এবং সামাজিক মানোন্নয়নে প্রকল্পটি অনুমোদন পাওয়ার পর কাজের রূপরেখা খতিয়ে দেখতেই এই মাঠ পর্যায়ের সমীক্ষা করা হয়েছে।প্রশাসনের লক্ষ্য, শুধুমাত্র খাতায়-কলমে নয়, বরং মাটির কাছাকাছি গিয়ে এমন এক মডেল তৈরি করা যেটা এলাকার অন্যান্য গ্রামের কাছে নজির হয়ে উঠবে। এই প্রকল্পে গ্রামের ভাঙাচোরা কাঁচা পথের বদলে তৈরি হবে পাকা রাস্তা।

রাতে অন্ধকার ঘুচাতে প্রতিটি মোড়ে বসানো হবে সৌর কিংবা বৈদ্যুতিক পথবাতি। দীর্ঘদিনের পানীয় জলের সংকট কাটাতে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিস্রুত জল পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি গভীর নলকূপ ও সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার জন্য পরিকল্পিত নিকাশি নালা তৈরির পাশাপাশি জোর দেওয়া হবে পরিবেশ রক্ষায় বৈজ্ঞানিক ও স্বাস্থ্য সম্মত বৈজ্ঞানিক স্যানিটেশন ব্যবস্থার উপর। এছাড়া গ্রামের আর্থ-সামাজিক পরিবর্তনের লক্ষ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে যোগ্য পরিবারগুলির মাটির বাড়ি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।