Bengal Liberty : উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার পাঁচ অভিযাত্রীর মধ্যে চার জনের দেহ ফিরল গ্রামে। রবিবার সকালে বাঁকুড়ার শালবনী গ্রামে দেহগুলি পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। পরে এক অভিযাত্রীর দেহ নিয়ে যাওয়া হয় কেশরা গ্রামে। তবে এখনও নিখোঁজ শালবনী গ্রামের রতন ঘোষ। ফলে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে কেদারতাল পর্যন্ত ট্রেকিংয়ের উদ্দেশ্যে লক্ষ্মীপুজোর আগের দিন বাঁকুড়ার পাঁচ বন্ধু রওনা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন শালবনী গ্রামের রিন্টু মণ্ডল, তাপস বাউরী, উদয় ঘোষ, রতন ঘোষ এবং কেশরা গ্রামের মনোজ খাওয়াস। ২৭ অক্টোবর সকালে গঙ্গোত্রীর বেসক্যাম্প থেকে একটি অভিযাত্রী দলের সঙ্গে রওনা দেন তাঁরা। ২৯ অক্টোবর রাতে জানা যায়, প্রায় ৪ হাজার মিটার উচ্চতায় প্রবল তুষারঝড়ের কবলে পড়ে ওই দলের আট জন নিখোঁজ হয়েছেন। এরপর থেকেই এসডিআরএফ ও এনডিআরএফ উদ্ধারকাজ শুরু করে। হেলিকপ্টারের সাহায্যেও তল্লাশি চালানো হয়। প্রথমে দু’জন এবং পরে আরও পাঁচ অভিযাত্রীর দেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ পাঁচ অভিযাত্রীর মধ্যে রিন্টু মণ্ডল (৪০), উদয় ঘোষ (২৯), তাপস বাউরী (৩০) এবং মনোজ খাওয়াসের (৩৯) দেহ শনাক্ত করেন তাঁদের পরিবারের সদস্যরা। শনাক্তকরণের পর শনিবার দেরাদুন থেকে চার অভিযাত্রীর দেহ প্রথমে দিল্লি এবং পরে বিমানে দমদম বিমানবন্দরে নিয়ে আসা হয়। রবিবার সকালে দেহগুলি পৌঁছয় শালবনী গ্রামে। সেখানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাসগুপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা এবং বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গ্রামের প্রান্তে ইন্দিরা সরোবর লাগোয়া মাঠে দেহগুলি রাখা হয়। সেখানেই শেষ শ্রদ্ধা জানান প্রশাসনিক আধিকারিক, বিধায়ক এবং গ্রামবাসীরা। পরে মনোজ খাওয়াসের দেহ নিয়ে যাওয়া হয় কেশরা গ্রামে।
আরও খবর
রতন ঘোষের বাবা ভোলানাথ ঘোষ বলেন, “চার বন্ধুর দেহ গ্রামে ফিরলেও আমার ছেলের এখনও কোনও খোঁজ নেই। সে যেখানেই থাকুক, যেন দ্রুত বাড়িতে ফিরে আসে। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত তার সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা করা হোক।” মৃত রিন্টু মণ্ডলের দাদা সিন্টু মণ্ডল বলেন, “ট্রেক সেরে পাঁচ বন্ধুর কালীপুজোর আগের দিন বাড়ি ফেরার কথা ছিল। চার জন ফিরল ঠিকই, কিন্তু মৃত অবস্থায়। একজনের এখনও কোনও খোঁজ নেই, সেটাই সবচেয়ে খারাপ লাগছে।”
বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাসগুপ্ত বলেন, “দুর্ঘটনার পর থেকে উত্তরকাশীর জেলাশাসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। উদ্ধারকাজ চালিয়ে চার অভিযাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। এখনও এক জনের কোনও খোঁজ নেই। আবহাওয়ার কারণে আপাতত উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়েছে। প্রশাসন সব দিক থেকে পরিবারগুলির পাশে রয়েছে।” বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, “অত্যন্ত মর্মান্তিক ঘটনা। রাজ্য সরকার সব রকম ভাবে পরিবারগুলির পাশে রয়েছে।”
এদিকে নিখোঁজ রতনের সন্ধানে নতুন করে তল্লাশি শুরু হওয়ার অপেক্ষায় পরিবার। আবহাওয়া অনুকূল হলেই উদ্ধারকারী দল ফের অভিযান শুরু করবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, উদ্বেগে রয়েছেন নিখোঁজ অভিযাত্রীর স্বজনেরা এখনও।


