Bengal Liberty : রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান, তাঁর ছবি বিকৃত করা কিংবা তাঁকে নিয়ে কোনও অশালীন মন্তব্য—যে কোনও সভ্য সমাজের কাছেই তা অত্যন্ত লজ্জার। বাংলাদেশে রবীন্দ্রনাথের ছবির উপর কালিমালিপ্ত করার একটি ছবি সামনে রেখে এমন ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “যারা রবীন্দ্রনাথকে অসম্মানিত করে, তারা মানবসভ্যতার কলঙ্ক।” কিন্তু বিকাশরঞ্জনের এই প্রতিবাদের মধ্যেই সামনে আসছে এপার বাংলার বাম রাজনীতির এক পুরনো ইতিহাস। রবীন্দ্রনাথকে অসম্মান করার প্রশ্নে অতীতের সেই বিতর্কিত অধ্যায় কি সত্যিই ভুলে গিয়েছে বাম শিবির?
ইতিহাস বলছে, রবীন্দ্রনাথকে নিয়ে বামপন্থী মহলের একাংশের বিরূপ মনোভাব আজকের নয়। ১৯৪৮ সালে কমিউনিস্ট নেতা ভবানী সেন ‘রবীন্দ্র গুপ্ত’ ছদ্মনামে ‘মার্কসবাদী’ পত্রিকায় রবীন্দ্রনাথের সাহিত্য ও চিন্তাধারার সমালোচনা করেন। তাঁকে প্রগতিবিরোধী সাহিত্যিক হিসেবে চিহ্নিত করে তাঁর সাহিত্য বর্জনের পক্ষেও মত প্রকাশ করা হয়েছিল। সেই অবস্থান ঘিরে তৎকালীন বুদ্ধিজীবী মহলে তীব্র বিতর্ক তৈরি হয়। সুশোভন সরকার ও গোপাল হালদারের মতো বিশিষ্ট বামপন্থী চিন্তাবিদরাই সেই রবীন্দ্রবিরোধী অবস্থানের বিরোধিতা করেছিলেন। অর্থাৎ, বামপন্থী শিবিরের মধ্যেই রবীন্দ্রনাথকে ঘিরে মতবিরোধের দীর্ঘ ইতিহাস রয়েছে।
তাই বাংলাদেশে রবীন্দ্রনাথের ছবি বিকৃত করার ঘটনা যেমন নিন্দনীয়, তেমনই এপার বাংলায় অতীতে তাঁর সাহিত্য ও চিন্তাধারাকে রাজনৈতিক মতাদর্শের মাপকাঠিতে বিচার করে বর্জনের যে বিতর্ক তৈরি হয়েছিল, তাকেও আলোচনার বাইরে রাখা যায় না। কাজেই রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কের বীজ এ দেশে বপন করেছে কমিউনিস্টরা।
আরও খবর
আজ রবীন্দ্রনাথের সম্মান রক্ষায় সরব বিকাশরঞ্জন ভট্টাচার্য। কিন্তু প্রশ্ন উঠছে, রবীন্দ্রনাথকে নিয়ে বামপন্থী মহলের একাংশের অতীত অবস্থান নিয়েও কি একই রকম সরব হবেন তিনি? রবীন্দ্রনাথকে নিয়ে প্রতিবাদের আগে নিজেদের রাজনৈতিক ইতিহাসের সেই অধ্যায়গুলির মুখোমুখি হওয়াও কি জরুরি নয়?


