Suvendu Adhikari
দিঘা-শঙ্করপুর-মন্দারমণিকে এক সুতোয় বাঁধার পরিকল্পনা! পর্যটনে একগুচ্ছ নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রীর

দিঘা-শঙ্করপুর-মন্দারমণিকে এক সুতোয় বাঁধার পরিকল্পনা! পর্যটনে একগুচ্ছ নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : দিঘা, শঙ্করপুর ও মন্দারমণি—উপকূলের এই তিন পর্যটনকেন্দ্রকে একসঙ্গে সাজিয়ে আরও আকর্ষণীয় পর্যটন বলয় গড়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। পর্যটন পরিকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে মৎস্যজীবীদের স্বার্থরক্ষা, উপকূলের ভাঙন রোধ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি—একাধিক পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘায় ব্যবসায়ী সমিতির কালীপুজোয় যোগ দেওয়ার পর আয়োজিত প্রশাসনিক বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে দিঘার অমরাবতী পার্কের সৌন্দর্যায়ন এবং দীর্ঘদিন বন্ধ থাকা স্নেক পার্ক নতুন করে চালুর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি হেলিকপ্টার পরিষেবা, সিএনজি স্টেশন এবং ই-বাসের চার্জিং পরিকাঠামো তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটকদের যাতায়াত আরও সহজ করতে ডিএসডিএ, পরিবহণ ও পর্যটন দফতরের যৌথ উদ্যোগে বিশেষ বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছে। এর ফলে দিঘায় আসা পর্যটকেরা মন্দারমণি, তাজপুর এবং ওড়িশার চন্দনেশ্বর মন্দিরও ঘুরে দেখতে পারবেন। নতুন পর্যটনকেন্দ্রগুলিতে হোমস্টে গড়ে তুলতে উদ্যোক্তাদের পাঁচ লক্ষ টাকা করে সরকারি ভর্তুকি দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

অন্যদিকে, শঙ্করপুর, সৌলা ও পেটুয়াকে কেন্দ্র করে মৎস্যজীবীদের স্বার্থরক্ষায় বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এই এলাকাগুলিতে পর্যটনের বিকাশের পাশাপাশি মৎস্যজীবীদের প্রয়োজনকেও অগ্রাধিকার দিতে হবে। মাছ ধরার নৌকার নিরাপদ যাতায়াত, হিমঘর তৈরি, মাছ সংরক্ষণ এবং বাজারজাতকরণের পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনা-সহ কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা থেকে বিগত সরকার রাজ্যের মৎস্যজীবীদের বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন তিনি। এবার ডবল ইঞ্জিন সরকারের আমলে সেই সুযোগ পাবেন দিঘার মৎস্যজীবীরা। শুঁটকি মাছ শুকোনোর জন্য চাতাল তৈরির পরিকল্পনার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলাতেও একাধিক পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চাঁদপুর ও শঙ্করপুরে সমুদ্রের ভাঙন রুখতে প্রায় ২০০ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদনের কথা জানান তিনি। পাশাপাশি দিঘার পুরনো আকর্ষণ ঝাউবন ফিরিয়ে আনা এবং ম্যানগ্রোভের পরিমাণ বাড়াতেও বড়সড় পরিকল্পনা নেওয়া হয়েছে।

মৎস্যজীবীদের সঙ্গে জরুরি যোগাযোগের জন্য দিঘায় একটি হাই ফ্রিকোয়েন্সি কন্ট্রোল রুম তৈরি করা হবে। আগামী মার্চে ৫০ জনের একটি বিশেষ ডিএমজি সেল এবং ২৫ জনের একটি অর্জুন বাহিনীর ইউনিটও দিঘায় মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

সবশেষে মুখ্যমন্ত্রী বলেন, “আজ কেবল মা কালীর পুজো নয়, সেই সঙ্গে প্রশাসনিক বৈঠকে দিঘা-শঙ্করপুর-মন্দারমণির উন্নয়ন নিয়ে আলোচনা-সহ অনেক কাজ হল।”

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।