Bengal Liberty : পাকিস্তানে ফের নারী নিরাপত্তা নিয়ে উঠল একাধিক প্রশ্ন। নিজের বাড়িতেই রহস্যজনকভাবে মৃত্যু হল জনপ্রিয় টেলিভিশন সংবাদসঞ্চালিকা রাবিয়া আহসানের। রবিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকায় নিজের বাড়ির শোবার ঘর থেকে উদ্ধার হয় ৪১ বছর বয়সি এই সংবাদসঞ্চালিকার রক্তাক্ত দেহ। এই ঘটনায় ইতিমধ্যেই তাঁর স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম মহলে।
পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর প্রায় ৩টে নাগাদ রাবিয়ার শোবার ঘর থেকে গুলির শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। সেই সময় বাড়ির লনে উপস্থিত ছিলেন তাঁর মা ও বোন। গুলির শব্দ শুনে ঘরের ভিতরে ছুটে যান তাঁর বোন আলভিনা। সেখানে গিয়ে রাবিয়াকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। অন্যদিকে, তাঁর স্বামীর হাতে একটি পিস্তল ছিল বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে রাবিয়ার শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে একটি ৩০ বোরের পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে ফরেনসিক দল।
এই ঘটনায় রাবিয়ার স্বামী আহসান তাহিরকে আটক করে পুলিশ। পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় গুলি চালানোর কথা স্বীকার করলেও সেটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে দাবি করেন অভিযুক্ত। তাঁর দাবি, পিস্তলটি নিয়ে নাড়াচাড়া করার সময় আচমকাই গুলি বেরিয়ে যায়। তবে তাঁর কাছে আগ্নেয়াস্ত্রটির বৈধ লাইসেন্সও ছিল না বলে জানিয়েছে পুলিশ।
আরও খবর
রাবিয়ার ভাই খুররম আহমেদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পাকিস্তান পেনাল কোডের ৩০২ ধারায় খুনের মামলা দায়ের হয়েছে। সোমবার আদালত অভিযুক্তকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ঘটনার পিছনে প্রকৃত কারণ খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো জারদারি। পাশাপাশি গোটা ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তাঁর কথায়, মহিলাদের নিজেদের বাড়িতেও নিরাপদে বেঁচে থাকার অধিকার রয়েছে। উল্লেখ্য, রাবিয়া আহসান পাকিস্তানের বেসরকারি সংবাদমাধ্যম ৯২ নিউজের সঙ্গে যুক্ত ছিলেন। সংবাদসঞ্চালনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানও পরিচালনা করতেন তিনি। তাঁর দুই কন্যাসন্তানও রয়েছে। এই ঘটনায় পাকিস্তানের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।


