Bengal Liberty : ফের ভয়াবহ শিল্প দুর্ঘটনার সাক্ষী হল তুরস্ক। ইস্পাত কারখানায় কাজ চলাকালীন ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি বিশালাকার ক্রেন ভেঙে সরাসরি পড়ে গেল জ্বলন্ত চুল্লির ভিতরে। আর তার জেরেই ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা এলাকায় অবস্থিত HABAS ইস্পাত কারখানায়। সোমবার (৯ নভেম্বর) দুপুর নাগাদ আচমকাই কারখানার ভিতরে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানায় একটি বয়লার পরিবর্তনের কাজ চলছিল। সেই সময় একটি ওভারহেড ক্রেন ভেঙে গিয়ে সরাসরি ইলেকট্রিক আর্ক ফার্নেসের ভিতরে পড়ে যায়। এরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার একাংশে।
ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ক্রেন ভেঙে চুল্লির ভিতরে পড়ে যাওয়াকেই বিস্ফোরণের কারণ বলে মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো ভূমিকম্প হয়েছে। ঘটনার পর কারখানার উপর থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা যায়।
আরও খবর
এই ভয়াবহ দুর্ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানিয়েছেন, কীভাবে এই দুর্ঘটনা ঘটল, কোথাও কোনও গাফিলতি ছিল কি না এবং এর জন্য কারা দায়ী, তা তদন্ত করে দেখা হবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল, দমকল ও জরুরি পরিষেবার কর্মীরা পৌঁছে গিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পিছনে কোনও কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, তুরস্কের অন্যতম বড় ইস্পাত উৎপাদনকারী সংস্থা HABAS-এর এই কারখানাটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। কারখানাটিতে বছরে প্রায় ৪৫ লক্ষ টন ইস্পাত উৎপাদনের ক্ষমতা রয়েছে। তবে এবার সেই কারখানাই ভয়াবহ দুর্ঘটনার কারণে প্রাণঘাতী বিপর্যয়ের সাক্ষী হয়ে রইল।


