Bengal Liberty : ১৩ নভেম্বর মীর মেহরাব খানের জন্মদিনের আগেই পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দিল বালোচিস্তান লিবারেশন আর্মি। লাগাতার হামলার মধ্যেই এবার পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই শহর কোয়েটা ও করাচির সংযোগকারী হাইওয়েতে ভয়ংকর বিস্ফোরণের ঘটনা ঘটাল বালোচিস্তান লিবারেশন আর্মির সদস্যরা। বিস্ফোরণের মাত্রা এতটাই প্রবল ছিল যে, তার জেরে উড়ে গেল একটি সেতু। এই বিস্ফোরণের ফলে দুই শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বেহাল হয়ে পড়েছে। ঘটনার দায় স্বীকার করে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করার বার্তাও দিয়েছে বালোচ আর্মি।
সম্প্রতি মাস্তুং জেলার খাদকোচা এলাকায় হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। নিশানা করা হয় কোয়েটা-করাচি হাইওয়েকে। সেখানকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সেতু বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে সড়কপথে দুই শহরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই হাইওয়েটি বালোচিস্তানের রাজধানী কোয়েটার সঙ্গে পাকিস্তানের বৃহত্তম শহর ও বাণিজ্যিক কেন্দ্র করাচিকে যুক্ত করেছে। অত্যন্ত কৌশলগত এই যোগাযোগপথকে নিশানা করে বিস্ফোরণের মাধ্যমে শেহবাজ শরিফ সরকারের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্যিক পথেই আঘাত হানা হয়েছে বলে মনে করা হচ্ছে।
গত ১১ আগস্ট নিজেদের স্বাধীনতা দিবস ঘোষণা করে ৮৫ শতাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে রাষ্ট্রসংঘের উদ্দেশে একটি চিঠি লেখে তারা। ওই এলাকার আনুষ্ঠানিক স্বীকৃতিরও দাবি জানানো হয়। যদিও সেই চিঠির কোনও সদুত্তর না পাওয়ার পর পাকিস্তান সরকার ও সেনার তরফে লাগাতার হামলা চালানো হয়। রাষ্ট্রসংঘে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার দাবিতে একাধিক চিঠি লিখেও যখন কোনও সাহায্য মেলেনি, তখন কি অহিংসার পথ ছেড়ে হিংসার পথই বেছে নিল বালোচ আর্মি?
আরও খবর
এরই মধ্যে একদিকে পিওকের আন্দোলন, অন্যদিকে বালোচদের তাণ্ডবে সমস্যায় জেরবার শেহবাজ শরিফের সরকার। আবার ইমরান খানের সমর্থকদের মধ্যেও লাগাতার অস্থিরতা তৈরি হচ্ছে। এর পর কি আরও বড় কোনও ঘটনা ঘটতে পারে? অন্তত তাৎপর্যপূর্ণ বিষয় হল, কাশ্মীরের কুলগামে হামলার মধ্যেই রক্তাক্ত হল পাকিস্তান। দুই ঘটনার মধ্যে কোনও বিশেষ সম্পর্ক রয়েছে, নাকি সম্পূর্ণটাই কাকতালীয়? এই নিয়েই তুঙ্গে জল্পনা।


