Bengal Liberty : দীর্ঘ প্রায় পাঁচ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে এবার বড়সড় কূটনৈতিক উদ্যোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে আলোচনার টেবিলে মুখোমুখি বসেছে রাশিয়া ও ইউক্রেন। ১০ ও ১১ নভেম্বর, দু’দিন ধরে চলবে এই ত্রিপাক্ষিক শান্তি বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে ওয়াশিংটনের হয়ে প্রতিনিধিত্ব করছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভ্লাদিমির মেডিনস্কি এবং ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রুস্তেম উমেরভ।
সূত্রের খবর, যুদ্ধবিরতি, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা, মানবিক সহায়তা এবং দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসতে চলেছে আলোচনায়। পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, কৃষ্ণসাগরে নিরাপদ নৌ চলাচল এবং বন্দি বিনিময়ের বিষয়েও বিশেষ গুরুত্ব দিচ্ছে কিয়েভ। অন্যদিকে, ইউরোপের সামগ্রিক নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনার পক্ষেও সওয়াল করছে মস্কো। তবে ইউক্রেনের ভূখণ্ডের ভবিষ্যৎ এবং ন্যাটোয় যোগদানের প্রশ্নে দুই দেশের অবস্থান এখনও সম্পূর্ণ বিপরীত মেরুতে।
অন্যদিকে, এই শান্তি প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিতে আগ্রহী ভারতও। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাশিয়া ও ইউক্রেন-সহ সংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে নয়াদিল্লি। দুই দেশের মধ্যে সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি ফেরানোর প্রচেষ্টায় নিজেদের অবদান রাখতে প্রস্তুত ভারত।
আরও খবর
উল্লেখ্য, গত মাসেই ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছিলেন, যুদ্ধের অবসান ঘটাতে ভারত একটি বিস্তৃত প্রস্তাব সামনে এনেছে। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেছেন।
তবে এত কিছুর পরেও আদৌ কি যুদ্ধের অবসান ঘটবে? নাকি অতীতের মতোই আলোচনার টেবিল থেকে কোনও সমাধান ছাড়াই ফিরতে হবে দুই দেশকে? আপাতত গোটা বিশ্বের নজর আবু ধাবির এই গুরুত্বপূর্ণ শান্তি বৈঠকের দিকে।
তবে এরই মধ্যে আমেরিকার ‘গায়ে মানে না আপনি মোড়ল’ ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের এই নয়া কূটনৈতিক উদ্যোগের পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কারণ, অতীতে একাধিকবার আমেরিকা পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিলেও প্রত্যাশিত শান্তির বদলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে—এমন অভিযোগও রয়েছে। এবার আবু ধাবির বৈঠক সেই পরিস্থিতি বদলাতে পারে কি না, সেটাই দেখার।


